প্রকাশিত: ২২ ঘন্টা আগে, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
দীর্ঘ ১৯ বছরের বিরতি শেষে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার যশোরের মাটিতে পা রাখলেন তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। বিকেল সাড়ে চারটার পর মঞ্চে উপস্থিত হয়ে হাত উঁচিয়ে জনতার অভিবাদন গ্রহণ করেন সরকারপ্রধান। তার আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ছিল উপচে পড়া উৎসাহ।
জনসভায় দেওয়া বক্তব্যে তারেক রহমান সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে বিএনপি তা হতে দেবে না। তিনি বলেন, "কেউ কেউ মঞ্চে বড়ো বড়ো কথা বলে ফ্যাসিবাদের সঙ্গে মিটিং করেছে।" নতুন করে অস্থিরতা তৈরির চেষ্টাকারীদের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
নির্বাচনের আগে যারা তথাকথিত 'বায়বীয় টিকেট' বিক্রি করেছিল, তারাই এখন সরকারের উন্নয়ন পরিকল্পনা ভণ্ডুল করতে মাঠে নেমেছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের মানুষ বিএনপিকে আস্থায় নিয়ে উন্নয়নের ম্যান্ডেট দিয়েছে এবং প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নই এই সরকারের মূল লক্ষ্য।
জনসভায় স্থানীয় নেতারা যশোরের নানা সমস্যা ও সংকটের কথা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। তারেক রহমান ধৈর্য ধরে তাদের কথা শুনে সমস্যা সমাধান ও উন্নয়নের প্রতিশ্রুতি দেন। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনে কাজ করার নির্দেশনাও দেন।
দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর সরাসরি সরকারপ্রধানের আশ্বাস পেয়ে সুষম উন্নয়নের স্বপ্নে বুক বাঁধছেন যশোরের মানুষ।
মন্তব্য করুন