তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬, ০৯:৩৭ পিএম

অনলাইন সংস্করণ

একনেকে ১৪ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৩,৪৪৫ কোটি টাকা

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) রোববারের বৈঠকে মোট ১৪টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকা। এসব প্রকল্পের মধ্যে নতুন ও সংশোধিত উভয় ধরনের উদ্যোগ রয়েছে, পাশাপাশি কয়েকটি প্রকল্পের মেয়াদও বাড়ানো হয়েছে।

পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, অনুমোদিত অর্থের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৮ হাজার ৯০ কোটি ৫৬ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ৫ হাজার ৩৪০ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে প্রায় ১৬ কোটি টাকা ব্যয় হবে।

তালিকাভুক্ত ১৪টি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প রয়েছে ৫টি, সংশোধিত প্রকল্প ৫টি এবং মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ৪টি প্রকল্পের। তবে সচিবালয়ে ২১ তলা ভবন নির্মাণ সংক্রান্ত একটি প্রস্তাব বৈঠকে উঠলেও সেটি অনুমোদন পায়নি।

রোববার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নগর এলাকায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, ঢাকা শহরে জরুরি পানি সরবরাহ, এবং ময়মনসিংহ বিভাগে জলবায়ু সহনশীল পাঁচটি সেতু নির্মাণ প্রকল্পসহ বিভিন্ন খাতের উন্নয়ন উদ্যোগ।

এছাড়া পরিকল্পনা কমিশন জানায়, ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ৩৩টি প্রকল্প সভায় অবহিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে কুষ্টিয়া, রাজশাহী-নাটোর, কক্সবাজার ও রংপুর জেলার নদী পুনঃখনন ও পুনরুজ্জীবন প্রকল্পসহ একাধিক স্থানীয় উন্নয়ন উদ্যোগ।

বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি সাংবাদিকদের বলেন, “প্রকল্প গ্রহণে প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পষ্ট-ব্যয়ে সাশ্রয়ী হতে হবে এবং প্রতিটি খাতে ব্যয়ের যৌক্তিকতা যাচাই করতে হবে। পাশাপাশি প্রকল্পগুলো জনগণের জীবনে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে এবং সরকারের নির্বাচনি পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, তা বিবেচনায় রাখতে বলা হয়েছে।”

বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন