গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬, ০৬:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

গাইবান্ধায় বজ্রপাতে দুই শিশুসহ ৪ জনের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া, সুন্দরগঞ্জের ধোপাডাংগা ও ফুলছড়িতে বজ্রপাতে দুই শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পৃথক স্থানে বজ্রপাতে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন সুন্দরগঞ্জ উপজেলার শিশু ফুয়াদ ও তার চাচাতো ভাই শিশু রাফি, সাদুল্লাপুর উপজেলার মিজানুর রহমান এবং ফুলছড়ি উপজেলার কৃষক আলী আকবর। এছাড়া আরও একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরগঞ্জের ধোপাডাংগা এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান সুজা চৌধুরীর বাড়ির বারান্দায় খেলার সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হয় ফুয়াদ ও রাফি। পরে তাদের গাইবান্ধা জেনারেল হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ধোপাডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান মণ্ডল জানান, ঘটনাটি দুপুরে বৃষ্টির সময় আকস্মিক বজ্রপাতের কারণে ঘটে।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া এলাকায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন মিজানুর রহমান। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

ফুলছড়ি উপজেলার বুলবুলির চর এলাকায় বজ্রপাতে কৃষক আলী আকবরের মৃত্যু হয়েছে। একই উপজেলায় আরও একজন অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় প্রশাসন ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

মন্তব্য করুন