মো: রিফাত হোসাইন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:৩৮ পিএম

অনলাইন সংস্করণ

দেশে ২০টি ফায়ার স্টেশন নির্মাণ করবে সরকার

ছবি: সংগৃহীত

অগ্নি নিরাপত্তা ও জরুরি সেবা নিশ্চিত করতে দেশের গুরুত্বপূর্ণ স্থানে ২০টি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ১২টি নতুন ফায়ার স্টেশন স্থাপন করা হবে এবং ৮টি বিদ্যমান স্টেশন পুনর্নির্মাণ করা হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে একাধিক প্রকল্পে ভূমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় গাজীপুর জেলার সদর উপজেলার পূবাইল ফায়ার স্টেশনের জন্য দক্ষিণখান মৌজায় মোট ১ একর জমি অধিগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস ছাড়াও দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বেশ কিছু বড় প্রকল্পের ভূমি অধিগ্রহণের অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে:

  • ঢাকা-সিলেট মহাসড়ক: ‘ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয় পার্শ্বে পৃথক সার্ভিস লেন নির্মাণ’ প্রকল্পের জন্য প্রস্তাবিত ১২.১৪৭১ একর ভূমি।

  • ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে: এই প্রকল্পের চতুর্থ পর্যায়ের (২৪ কিলোমিটার) কাজের জন্য ঢাকা জেলার উত্তরা ও সাভার উপজেলার ১৪টি মৌজায় মোট ১৩.৪৪৪৮ একর জমি।

ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ ও উন্নয়নমূলক কার্যক্রম ত্বরান্বিত করতেই এই ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত দ্রুততম সময়ে সম্পন্ন করা হয়েছে। ফায়ার স্টেশন নির্মাণের এই উদ্যোগ শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ এলাকায় অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে এবং দুর্যোগ মোকাবিলায় বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন