প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় তিনি বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার ওপর বিশেষ জোর দেন।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘সিনহুয়া’র প্রতিবেদন অনুযায়ী, শি জিনপিং অবিলম্বে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পক্ষে নিজের অবস্থান ব্যক্ত করেন। তিনি সৌদি নেতাকে বলেন, “হরমুজ প্রণালি স্বাভাবিক চলাচলের জন্য খোলা থাকা উচিত। কারণ এটি আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থ রক্ষা করে।” চীন বরাবরই মধ্যপ্রাচ্যের এই সংঘাত রাজনৈতিক ও কূটনৈতিক পথে সমাধানের পক্ষপাতী বলেও তিনি উল্লেখ করেন।
গত রোববার মার্কিন নৌবাহিনী কর্তৃক একটি ইরানি জাহাজ আটকের ঘটনায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে পাকিস্তানে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনায় ইরানকে রাজি করানোর পেছনে ট্রাম্প বেইজিংয়ের ভূমিকার প্রশংসা করেছিলেন। যদিও সেই বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি জাহাজটির ‘জোরপূর্বক আটক’ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বেইজিংয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব পক্ষকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
শি জিনপিং সৌদি যুবরাজকে আরও বলেন যে, চীন মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ‘তাদের ভবিষ্যৎ ও ভাগ্য নিজেদের হাতে তুলে নিতে’ এবং কোনো বিদেশি হস্তক্ষেপ ছাড়াই ‘দীর্ঘমেয়াদী আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায়’ দৃঢ়ভাবে সমর্থন করে। বিশ্লেষকরা মনে করছেন, চীনের এই তৎপরতা মধ্যপ্রাচ্যে তাদের ক্রমবর্ধমান কূটনৈতিক প্রভাবেরই বহিঃপ্রকাশ। বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দ্বিতীয় দফার আলোচনার ভাগ্য এখন অনিশ্চয়তার মুখে।
মন্তব্য করুন