শাহাদাত হোসাইন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৪:১৮ পিএম

অনলাইন সংস্করণ

সারাদেশে এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন, প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

সারাদেশে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা অত্যন্ত সুন্দর ও নকলমুক্ত পরিবেশে শুরু হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২১ এপ্রিল) প্রথম দিনের পরীক্ষা শেষে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ সন্তোষ প্রকাশ করেন।

শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে তিনি ঢাকা, সাভার ও মানিকগঞ্জ মিলিয়ে মোট পাঁচটি কেন্দ্র পরিদর্শন করেছেন। এর মধ্যে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ উচ্চবিদ্যালয় কেন্দ্রে এক ছাত্রকে অন্য ছাত্রের খাতা দেখতে দেখে তিনি সংশ্লিষ্টদের সাবধান করে দেন। এছাড়া বাকি চারটি কেন্দ্রের পরিবেশ ছিল অত্যন্ত সন্তোষজনক। তিনি বলেন, “মানিকগঞ্জের সিঙ্গাইর কেন্দ্রে শিক্ষক কিছুটা অমনোযোগী ছিলেন, আমি সাবধান করে দিয়ে এসেছি। তবে অন্য কেন্দ্রগুলো, বিশেষ করে অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতেও অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।”

মন্ত্রী যেসব কেন্দ্র পরিদর্শন করেছেন তার মধ্যে রয়েছে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ উচ্চবিদ্যালয়, সাভারের তেঁতুলঝোড়া উচ্চবিদ্যালয়, আমিনবাজার এলাকার একটি কেন্দ্র এবং মিরপুরের পাইকপাড়ার মডেল একাডেমি স্কুল।

সারাদেশের পরিস্থিতির কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সব বোর্ডের চেয়ারম্যানদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশ্নপত্র ফাঁস নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, “প্রশ্নফাঁস হওয়ার আদৌ কোনো আশঙ্কা নেই এবং হয়নিও।”

এবারের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৭৯ হাজার ২৩৫ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজারের বেশি, মাদ্রাসায় ৩ লাখের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৪ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে। সারাদেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদ ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন যে, সরকার শিক্ষা ব্যবস্থায় গতিশীলতা আনতে পরবর্তী এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বর মাসেই আয়োজন করার পরিকল্পনা করছে। প্রথম দিনের বাংলা প্রথম পত্রের পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হওয়ায় তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ জানান।

মন্তব্য করুন