প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর লালবাগে আশরাফুল ওরফে ফাহিম নামে এক যুবককে হত্যাচেষ্টার মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। আজ রোববার আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন ৫০ হাজার টাকা মুচলেকায় এই জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ৭ এপ্রিল ভোরে ধানমন্ডির নিজ বাসা থেকে শিরীন শারমিনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। সেদিন তাকে আদালতে হাজির করে দুই দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজ পুনরায় জামিন আবেদনের শুনানি শেষে আদালত তাকে জামিন প্রদানের আদেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই আজিমপুর সরকারি কলোনির ভেতরে বৈষম্যবিরোধী মিছিলে অংশ নিয়েছিলেন ভুক্তভোগী আশরাফুল। ওই সময় আসামিদের ছোড়া গুলিতে তার বাম চোখ স্থায়ীভাবে নষ্ট হয়ে যায়। এই ঘটনায় গত বছরের ২৫ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়, যেখানে শিরীন শারমিন চৌধুরীকেও আসামি করা হয়।
শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সাল থেকে টানা তিন মেয়াদে জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে তিনি রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ২৭ দিনের মাথায় তিনি স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন। সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। শিরীন শারমিনের জামিন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম।
মন্তব্য করুন