প্রকাশিত: ২৮ সেপ্টেম্বার, ২০২৬, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ
দেশে চলমান চাঁদাবাজির প্রতিবাদে প্রতীকী ‘গণভিক্ষা ও পুনর্বাসন দানবাক্স’ কর্মসূচি পালন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এর আগে হাসনাত আবদুল্লাহ বাংলামোটরে ‘পুনর্বাসন দানবাক্স’ স্থাপন ও গণভিক্ষা কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন।
সোমবার বিকেলে হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, চাঁদাবাজি ছাইড়া দে’ এবং ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, চাঁদাবাজের আস্তানা’সহ বিভিন্ন স্লোগান দেন।
এর আগে সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হাসনাত আবদুল্লাহ এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, চাঁদাবাজির বিকল্প হিসেবে বিকেল ৪টায় বাংলামোটরে বিশেষ ‘পুনর্বাসন দানবাক্স’ উন্মুক্ত করা হবে।
কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘১৭ বছর ধরে সরকারদলীয় অনাহারী নেতাকর্মীদের জন্য এবার গণভিক্ষা কর্মসূচি! ভিক্ষা দিন—আপনার ১ টাকাই হয়তো একজনকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখবে।’
তিনি আরও লেখেন, ‘দান করুন, চাঁদাবাজি বন্ধ করুন; সতেরো বছরের অভুক্ত চাঁদাবাজদের জাতীয় পুনর্বাসনে আপনিও অংশ নিন।’
মন্তব্য করুন