প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ
বলিউডের গ্ল্যামার জগতের পর্দার আড়ালের অন্ধকার দিক ‘কাস্টিং কাউচ’ নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী ডেইজি শাহ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকের এক ভয়াবহ ও তিক্ত অভিজ্ঞতার স্মৃতিচারণা করতে গিয়ে তিনি জানান, অডিশনের নামে এক জনপ্রিয় দক্ষিণী পরিচালকের লালসার শিকার হতে যাচ্ছিলেন তিনি। মুম্বাইয়ের একটি হোটেলে অডিশন চলাকালে সেই পরিচালক তাঁর সঙ্গে অত্যন্ত আপত্তিকর ও অপেশাদার আচরণ করেন।
ডেইজি জানান, দক্ষিণ ভারতের ওই নামী পরিচালক কাস্টিংয়ের প্রয়োজনে মুম্বাইয়ে অবস্থান করছিলেন। সেখানে ডেইজিসহ আরও কয়েকজন অভিনেত্রী অডিশন দিতে যান। পরিচালক প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে দেখা করার সময় ডেইজি কক্ষে প্রবেশ করা মাত্রই অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হন। তাঁর বর্ণনা অনুযায়ী, ওই পরিচালক অডিশনের অযুহাতে তাঁকে কদর্যভাবে স্পর্শ করেন এবং তাঁর হাত ধরে থাকেন। ব্যক্তিগত জীবনে অন্যের স্পর্শ নিয়ে অত্যন্ত সচেতন ডেইজি এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং তাৎক্ষণিক কৌশলে সেখান থেকে বেরিয়ে আসেন। পরবর্তীতে ওই পরিচালকের সঙ্গে তিনি আর কোনো যোগাযোগ রাখেননি।
কোরিওগ্রাফার গণেশ আচার্যের সহকারী ও ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে ক্যারিয়ার শুরু করা ডেইজি শাহর পথচলা সহজ ছিল না। কন্নড় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হলেও ২০১৪ সালে সালমান খানের বিপরীতে ‘জয় হো’ ছবির মাধ্যমে তিনি বলিউডে ব্যাপক পরিচিতি পান। এরপর ‘রেস ৩’ এবং ‘হেট স্টোরি ৩’-এর মতো আলোচিত ছবিতে অভিনয় করেছেন তিনি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও তিনি বেশ সক্রিয়।
ডেইজি শাহকে সর্বশেষ আমজাদ খানের ওয়েব সিরিজ ‘রেড রুম’-এ অভিনয় করতে দেখা গেছে, যেখানে তাঁর পারফরম্যান্স বেশ প্রশংসিত হয়েছে। বর্তমানে তিনি পলাশ মুচ্ছল পরিচালিত একটি থ্রিলার ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন, যেখানে জনপ্রিয় অভিনেতা শ্রেয়াস তালপাড়ের বিপরীতে তাঁকে দেখা যাবে। শোবিজের উজ্জ্বল আলোয় নিজেকে প্রতিষ্ঠিত করলেও ক্যারিয়ারের শুরুর সেই কালো স্মৃতি আজও তাঁকে তাড়িয়ে বেড়ায় বলে জানান এই অভিনেত্রী।
মন্তব্য করুন