প্রকাশিত: ১৪ মে, ২০২৬, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ
২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বৃহস্পতিবার (১৩ মে) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। এর আগে সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
অভিযোগ প্রসঙ্গে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের সময় দীপু মনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানকে বৈধতা দিতে প্রচারণা চালান। অন্যদিকে মোজাম্মেল বাবু ও ফারজানা রুপার বিরুদ্ধে হেফাজতের সমাবেশ নিয়ে উসকানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগ আনা হয়েছে। সেই সময় মোজাম্মেল বাবু একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক এবং ফারজানা রুপা প্রতিষ্ঠানটির প্রধান প্রতিবেদক ছিলেন।
এই মামলায় এর আগে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, শাহরিয়ার কবির ও সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।
উল্লেখ্য, শাপলা চত্বরের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে আবেদন করেন। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মামুনুল হকের পক্ষে করা ওই অভিযোগে মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে। তদন্তাধীন মামলার প্রতিবেদন আগামী ৭ জুন দাখিলের দিন ধার্য রয়েছে।
মন্তব্য করুন