তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৪ মে, ২০২৬, ০৪:৫৭ পিএম

অনলাইন সংস্করণ

ইউনূস সরকারের কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথ। ছবি: সংগৃহীত

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সামগ্রিক কার্যক্রম নিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট দায়ের করেন আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ। সোমবার (৪ মে) তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

রিটে অন্তর্বর্তী সরকারের সময় প্রণীত আইন, গঠিত সংস্কার কমিশন এবং সম্পাদিত দেশি-বিদেশি চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। পাশাপাশি ওই সময়কালের সার্বিক কার্যক্রম তদন্তে একটি কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আছে কিনা, সেটিও খতিয়ে দেখার আর্জি জানানো হয়েছে রিটে।

মন্ত্রিপরিষদ সচিব এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে এই রিটে বিবাদী করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন মুহসিন রশিদ। তবে সেই রিট হাইকোর্ট খারিজ করে দেয়। এরপর আপিল বিভাগেও তার আবেদন নাকচ হয়।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে। তিন দিন পর ৮ আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ড. ইউনূস। পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনে বিএনপি জয়ী হলে ১৭ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তর করে।

মন্তব্য করুন