আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ০৯:৪০ এ এম

অনলাইন সংস্করণ

ইউক্রেনের সঙ্গে আলোচনায় রাজি রাশিয়া! তবে বন্ধ হবে না হামলা

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে রাশিয়া প্রস্তুত থাকলেও আলোচনা চলাকালীন সময়ে সামরিক অভিযান স্থগিত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সম্প্রতি রাজধানী মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের এমন কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম ও পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যদি দ্বিপক্ষীয় সংঘাত নিরসনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কোনো শীর্ষ বৈঠকে বসতে চান, তবে তাঁকে সশরীরে মস্কোতে আসতে হবে।

ল্যাভরভ দাবি করেন, জেলেনস্কিকে মস্কোয় এসে আলোচনার আমন্ত্রণ জানানো রাশিয়ার পক্ষ থেকে একটি বড় ধরণের 'সদিচ্ছার নিদর্শন'। কারণ, ইউক্রেনীয় প্রেসিডেন্ট নিজেই পূর্বে ডিক্রি জারি করে রাশিয়ার সঙ্গে যেকোনো প্রকারের কূটনৈতিক ও শান্তি আলোচনা নিষিদ্ধ করেছিলেন এবং তা এখনো আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়নি।

আন্তর্জাতিক মহলকে আশ্বস্ত করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংঘাতের সমাধান কল্পে সংলাপে বসার ক্ষেত্রে রাশিয়ার সদিচ্ছার কোনো ঘাটতি নেই এবং মস্কো আলোচনার দরজা খোলাই রেখেছে। তবে তিনি অত্যন্ত স্পষ্টভাবে সতর্ক করে দেন যে, আলোচনার টেবিল সচল থাকলেও ময়দানে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার নির্ধারিত সামরিক অভিযান বিরতিহীনভাবে চলতে থাকবে।

 

মন্তব্য করুন