প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
“সুশিক্ষার পাশাপাশি মানবসেবায় এগিয়ে আসি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সি.এন.পি.আই (CNPI) স্বেচ্ছাসেবী সংস্থা ও রোভার স্কাউটস গ্রুপের যৌথ উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
গত বুধবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বন্যাকবলিত ও অতি ক্ষতিগ্রস্ত এলাকার ৩০০ অসহায় পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ।
সাম্প্রতিক আকস্মিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে নারায়ণপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় স্থানীয় বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এতে দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সি.এন.পি.আই স্বেচ্ছাসেবী সংস্থা ও রোভার স্কাউটস গ্রুপ যৌথভাবে এই মানবিক উদ্যোগ গ্রহণ করে।
নিজস্ব তহবিল ও সংগৃহীত অর্থের মাধ্যমে সংগঠন দুটির সদস্যরা দুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী সংগ্রহ করে তা ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিতরণ করেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ও সি.এন.পি.আই স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান উপদেষ্টা মো. ওমর ফারুক। এছাড়া উপস্থিত ছিলেন রোভার স্কাউটস লিডার ও সি.এন.পি.আই-এর উপদেষ্টা মো. শহিদুল ইসলাম এবং সি.এন.পি.আই-এর উপদেষ্টা মো. আজিজুর রহমান।
এ সময় সি.এন.পি.আই-এর সভাপতি হামজা, সাধারণ সম্পাদক সাকিব, রোভার স্কাউটসের সদস্য জাকিরসহ উভয় সংগঠনের সক্রিয় সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির উদ্দিন এবং সম্মানিত প্যানেল চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
আয়োজকরা বলেন, দুর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের এই ক্ষুদ্র প্রচেষ্টা বন্যাদুর্গত মানুষের কিছুটা হলেও উপকারে আসবে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা।
মন্তব্য করুন