বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৫০ মিনিট আগে, ০৯:৫১ এ এম

অনলাইন সংস্করণ

ব্র্যাড পিটের ‘হার্ট অব দ্য বিস্ট’ দেখে আবেগপ্রবণ সামান্থা

ব্র্যাড পিটের আসন্ন সিনেমা ‘হার্ট অব দ্য বিস্ট’-এর প্রচারমূলক ভিডিও দেখে আবেগপ্রবণ হয়েছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে অনুভূতির কথাও জানিয়েছেন তিনি।

‘হার্ট অব দ্য বিস্ট’-এ ব্র্যাড পিটকে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। সিনেমার গল্পে বিমান দুর্ঘটনার পর একটি জঙ্গলে নিজের অবসরপ্রাপ্ত যুদ্ধকুকুরের সঙ্গে আটকা পড়েন তিনি। প্রতিকূল পরিবেশে টিকে থাকার লড়াইয়ের পাশাপাশি মানুষ ও কুকুরের মধ্যকার সম্পর্কও গল্পের অন্যতম বিষয়।

প্রচারমূলক ভিডিওতে ব্র্যাড পিট জানান, কুকুরের চেটে দেওয়া আগে তাঁর একেবারেই ভালো লাগত না। তবে সিনেমার চরিত্রের প্রয়োজনে তাঁর সেই ধারণা বদলে যায়। শুটিংয়ের সময় কুকুরটির সঙ্গে একই বাটি থেকে খাবার ও পানি খেয়েছেন বলেও জানান তিনি।

চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে কুকুরটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার প্রয়োজন ছিল বলে ভিডিওতে জানান ব্র্যাড। চরিত্রের প্রস্তুতির অংশ হিসেবে তিনি কুকুরটির সঙ্গে সময় কাটিয়েছেন এবং প্রশিক্ষণও নিয়েছেন। শুটিংয়ের সময় নিয়মিত কুকুরটির জন্য খাবার রাখতেন তিনি।

সময়ের সঙ্গে ব্র্যাড ও কুকুরটির মধ্যে একটি বিশেষ বন্ধন তৈরি হয়। সিনেমায় মানুষ ও কুকুরের সম্পর্ককে স্বাভাবিক ও বাস্তবভাবে তুলে ধরতে এই ঘনিষ্ঠতা সহায়ক হয়েছে বলে প্রচারমূলক ভিডিওতে দেখানো হয়েছে।

ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করে সামান্থা লিখেছেন, ‘আমার মন এটা দেখে সহ্য করতে পারছে না।’ প্রাণীদের প্রতি তাঁর ভালোবাসার কারণে ভিডিওটির প্রতি তিনি আবেগপ্রবণ হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সামান্থার বাড়িতে দুটি কুকুর ও একটি বিড়াল রয়েছে।

সিনেমাটিতে মানুষ ও কুকুরের সম্পর্কের আবেগঘন দিক নিয়ে কাজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ব্র্যাড পিট পুরো অভিজ্ঞতাটিকে ‘অক্লান্ত এবং জাদুকরী’ বলে উল্লেখ করেছেন।

মন্তব্য করুন