আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:২৪ পিএম

অনলাইন সংস্করণ

মার্কিন সংঘাত বাড়লে পারস্য উপসাগরে 'এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না' ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য অর্থনৈতিক সংঘাত বাড়তে থাকলে পারস্য উপসাগর ও কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার কঠোর হুশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই এক বিবৃতিতে সাফ জানিয়েছেন, অর্থনৈতিক আগ্রাসন অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ দিয়ে কোনো দেশকে তেল রপ্তানি করতে দেওয়া হবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মার্কিন নীতির বিরুদ্ধে তেহরানের কঠোর মনোভাব তুলে ধরে মোহসেন রেজাই বলেন, ‘যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি তো নয়ই; পারস্য উপসাগরের অন্য কোনো জায়গা থেকেও এক ফোঁটা তেল রপ্তানি হতে দেওয়া হবে না।’

রেজাই আরও স্পষ্ট করে সতর্ক করে বলেন, ‘ইরানের জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে কোনো দেশ অংশ নিলে বা সহায়তা করলে, ইরান সেটিকে যুদ্ধ হিসেবে বিবেচনা করবে।’

ইরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, কৌশলগতভাবে অত্যন্ত স্পর্শকাতর হরমুজ প্রণালির নিরাপত্তা, নিয়ন্ত্রণ ও পরিচালন সংক্রান্ত সার্বিক সিদ্ধান্ত আঞ্চলিক ও উপকূলীয় দেশগুলোর হাতেই থাকা উচিত। আন্তর্জাতিক তেল পরিবহনের অন্যতম প্রধান এই পথ বন্ধ হলে বৈশ্বিক শক্তি খাতে তীব্র সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।

তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, যেসব দেশ মার্কিন প্রশাসনকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের সুবিধা দেবে বা ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক ও অর্থনৈতিক কার্যক্রমে সহায়তা করবে, উদ্ভূত যেকোনো পরিণতির জন্য তাদেরই দায়ভার বহন করতে হবে।

মন্তব্য করুন