প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৯:৫৩ এ এম
অনলাইন সংস্করণ
দেশের মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানে দীর্ঘদিনের জটিলতা নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার। নতুন করে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) কার্যক্রম চালু করায় শিগগিরই এ সমস্যার স্থায়ী সমাধান হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৬ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এমইএমআইএস) সাপোর্ট’ প্রকল্পের আওতায় ইএফটি কার্যক্রম যুক্ত করা হয়েছে, যার ফলে বেতন-ভাতা দ্রুত ও স্বয়ংক্রিয়ভাবে পরিশোধ করা সম্ভব হবে।
এর আগে জাতীয় সংসদে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমীন মাদ্রাসা শিক্ষকদের বেতন বিলম্বের বিষয়টি তুলে ধরে বলেন, জুন মাসের মাঝামাঝি সময়েও অনেক শিক্ষক বেতন পাননি, যা অত্যন্ত দুঃখজনক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালে প্রায় ১০ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে এমইএমআইএস প্রকল্পটি অনুমোদিত হলেও তৎকালীন সময়ে ইএফটি ব্যবস্থা বাদ দেওয়ায় মাঠপর্যায়ে বেতন পরিশোধে বিলম্ব দেখা দেয়।
বর্তমান সরকার এ সমস্যা সমাধানে প্রকল্পটিতে সংশোধনী এনে গত ৯ জুন একনেক সভায় ইএফটি অন্তর্ভুক্ত করে ‘এমইএমআইএস সাপোর্ট (২য় সংশোধিত) (প্রস্তাবিত ৩য় সংশোধন)’ প্রকল্প অনুমোদন দেয়। সংশোধিত প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৮ কোটি ৭ লাখ টাকা।
মন্ত্রণালয় জানায়, আগে পরীক্ষামূলকভাবে দেশের আটটি মাদ্রাসায় ইএফটি পদ্ধতিতে বেতন প্রদান করা হলেও অধিকাংশ প্রতিষ্ঠানে এখনো ম্যানুয়াল পদ্ধতি চালু রয়েছে। এ কারণে প্রতি মাসে বেতন পরিশোধে বিলম্ব হচ্ছে।
নতুন ব্যবস্থার মাধ্যমে সারা দেশের মাদ্রাসায় ডিজিটাল পদ্ধতিতে বেতন পরিশোধ নিশ্চিত করা গেলে এ বিলম্ব দূর হবে বলে আশা করছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্তব্য করুন