তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৫ মার্চ, ২০২৬, ১০:৫৭ এ এম

অনলাইন সংস্করণ

শামীম ওসমানসহ ১২ আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের

জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে-ভাতিজাসহ ১২ জন আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিদের এখনো গ্রেপ্তার করতে না পারায় বুধবার ট্রাইব্যুনাল-১ এ এই আদেশ দেওয়া হয়।

এই প্যানেলের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। তিন সদস্যের বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আদেশ অনুযায়ী, একটি বাংলা ও একটি ইংরেজি জাতীয় দৈনিকে আসামিদের ট্রাইব্যুনালে হাজির হওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এ বিষয়ে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। মামলাটির পরবর্তী শুনানি নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মার্চ।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর তারেক আবদুল্লাহ। শুনানির সময় তিনি আদালতকে জানান, আসামিদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে।

আদেশ জারির পর সাংবাদিকদের প্রসিকিউটর তারেক আবদুল্লাহ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসামিদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় অভিযান চালিয়েও তাদের খুঁজে পাননি। এ অবস্থায় ১২ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন করা হয়, যা ট্রাইব্যুনাল মঞ্জুর করেছে।

মন্তব্য করুন