প্রকাশিত: ১০ মে, ২০২৬, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর মুক্তির দোরগোড়ায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। হত্যাসহ বিভিন্ন অভিযোগের ১০টি মামলায় তার জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। আইনজীবীরা জানিয়েছেন, এর ফলে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।
রোববার (১০ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন। আদালতে আইভীর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মো. মোতাহার হোসেন সাজু।
গত বছরের ৯ মে ভোর ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর একে একে একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
পরবর্তীতে হাইকোর্ট প্রথমে ৫টি মামলায় জামিন দিলেও আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। গত ১৮ নভেম্বর আরও ৫টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সবশেষ গত ২৬ ফেব্রুয়ারি বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে ১০ মামলায় একসঙ্গে জামিন দেন। আজ আপিল বিভাগ সেই জামিন বহাল রেখে রাষ্ট্রপক্ষের আবেদন নাকচ করায় আইভীর মুক্তির পথ কার্যত খুলে গেল।
মন্তব্য করুন