তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৭ মে, ২০২৬, ১২:৩০ পিএম

অনলাইন সংস্করণ

মাইলস্টোন বিমান দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সংগৃহীত ছবি

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় অবহেলার অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছেন এক নিহত শিক্ষার্থীর বাবা। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ মোট ১৬ জনকে আসামি করে বৃহস্পতিবার (৭মে) ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলামের আদালতে এই মামলার আবেদন করা হয়।

আবেদনকারী উসাইমং মারমা, গত বছরের ওই দুর্ঘটনায় প্রাণ হারানো শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা। বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরীফ উদ্দিন জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবে বলে জানিয়েছে।

মামলায় যাদের আসামি করার আবেদন করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ইউনূস সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সাবেক শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের। সামরিক কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, এয়ার ভাইস মার্শাল মোরশেদ মোহাম্মদ খায়ের উল আফসার এবং গ্রুপ ক্যাপ্টেন রিফাত আক্তার জিকু। এ ছাড়া আসামির তালিকায় রয়েছেন মাইলস্টোনের গভর্নিং বডির উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল নুরনবী, অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, দুই প্রিন্সিপাল, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং রাজউকের চেয়ারম্যান ও একজন ফিল্ড সুপারভাইজার।

গত বছরের ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই বিমান দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়, যাদের অধিকাংশই ছিল শিশু। শোকাহত পরিবারগুলোর কান্না তখন নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে।

দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটি গত ৫ নভেম্বর তৎকালীন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রশিক্ষণার্থী পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণেই বিমান বিধ্বস্ত ও হতাহতের ঘটনা ঘটেছিল। তবে নিহতদের স্বজনেরা শুধু পাইলটের ত্রুটিতেই থেমে নেই, তাঁরা প্রশ্ন তুলছেন দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থাপনা ও প্রশাসনিক অবহেলার দিকেও। আদালতে দায়ের হওয়া এই মামলার আবেদন সেই প্রশ্নেরই আইনি রূপ।

মন্তব্য করুন