প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারীর অধিকার, মর্যাদা ও সম-অধিকার প্রতিষ্ঠার আহ্বানে এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
এ উপলক্ষে রোববার (৮ মার্চ) সকালে হাকিমপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে র্যালিটি শেষ হয়। এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, নারী নেত্রীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, একটি সমতা ও মানবিক সমাজ গঠনে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
আজকের পদক্ষেপ, আগামী ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে নারীর অধিকার রক্ষা ও বৈষম্যহীন সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
মন্তব্য করুন