প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)-এর নির্বাহী পরিচালক, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমানের স্ত্রী ফাহমিদা হকের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে সংসদ সদস্য মনোনয়নকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও প্রতিক্রিয়া দেখা গেছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিল্লুর রহমান বলেন, ফাহমিদা হকের সংসদ সদস্য মনোনয়ন তার দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা ও জনসম্পৃক্ত কার্যক্রমেরই ধারাবাহিকতা।
তিনি জানান, লেখালেখি, সামাজিক উদ্যোগ এবং নীতিনির্ধারণী আলোচনায় ফাহমিদা হক দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তার মতে, এসব অভিজ্ঞতা ধীরে ধীরে তাকে জনজীবন ও রাজনীতির সঙ্গে আরও ঘনিষ্ঠ করেছে।
জিল্লুর রহমান আরও বলেন, সংসদ সদস্য হিসেবে তার এই মনোনয়নকে তিনি তার চলমান সামাজিক ও জনসম্পৃক্ত কাজের একটি নতুন অধ্যায় হিসেবে দেখছেন। তিনি আশা প্রকাশ করেন, ফাহমিদা হক সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং সংসদীয় কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবেন।
একই সঙ্গে তিনি নিজের পেশাগত অবস্থান নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, সাংবাদিকতা, কলাম লেখা, টক শো উপস্থাপনা এবং নীতি গবেষণার ক্ষেত্রে তার দীর্ঘদিনের স্বাধীন পেশাগত অবস্থান অব্যাহত থাকবে।
তার ভাষায়, গণতান্ত্রিক সমাজে একই পরিবারের সদস্যরা ভিন্ন ভিন্ন দায়িত্ব পালন করতে পারেন, তবে পেশাগত সততা ও স্বাধীনতা বজায় রাখা জরুরি। তিনি জানান, বস্তুনিষ্ঠতা ও জনআলোচনায় অংশগ্রহণই তার কাজের মূল ভিত্তি এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে।
শেষে তিনি স্ত্রীর নতুন দায়িত্বের জন্য শুভকামনা জানান এবং নিজের পেশাগত দায়িত্ব আগের মতোই স্বাধীনভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন