তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৮:০৩ পিএম

অনলাইন সংস্করণ

মার্কিন অবরোধ ভেঙে বন্দরে পৌঁছাল ইরানের তেলবাহী জাহাজ

মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ উপেক্ষা করে ইরানের একটি তেলবাহী জাহাজ দেশের দক্ষিণাঞ্চলের একটি বন্দরে পৌঁছেছে বলে দাবি করেছে তেহরান। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, “সিলিকা সিটি” নামের জাহাজটি আরব সাগর পাড়ি দিয়ে নিরাপদে ইরানের জলসীমায় প্রবেশ করে এবং পরে একটি বন্দরে নোঙর করে।

সেনাবাহিনীর বিবৃতিতে উল্লেখ করা হয়, মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে একাধিকবার সতর্কবার্তা ও হুমকি দেওয়া হলেও ইরানের নৌ ও সামরিক সহায়তায় জাহাজটি গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র।

এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ শুরুর পর থেকে তাদের বাহিনী ২৭টি জাহাজকে পথ পরিবর্তন করতে বা ফিরে যেতে বাধ্য করেছে।

অন্যদিকে, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইরানকে সহায়তার অভিযোগে ‘এম/টি টিফানি’ নামের একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী। পেন্টাগনের নির্দেশে সোমবার রাতে এই অভিযান পরিচালিত হয় বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, ইরানের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর রাখা এবং দেশটির জ্বালানি বাণিজ্য সীমিত করতে সমুদ্রপথে নজরদারি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র।

মন্তব্য করুন