তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:৩১ পিএম

অনলাইন সংস্করণ

সৌদিতে রোহিঙ্গাদের দ্রুত বাংলাদেশী পাসপোর্ট দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নির্দেশ দিয়েছেন, সৌদি আরবে অবস্থানরত যেসব মিয়ানমার নাগরিকের কাছে বাংলাদেশি নথিপত্র রয়েছে অথবা যারা নির্ধারিত শর্ত পূরণ করেছেন, তাদের দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশি পাসপোর্ট প্রদান করতে হবে।

সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ নির্দেশনা দেন। পরে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সৌদি আরবে থাকা মিয়ানমারের নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তালিকা সংগ্রহ করে পুনরায় যাচাই-বাছাই করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "যেসব মিয়ানমার নাগরিকের বাংলাদেশি ডকুমেন্টস রয়েছে বা যারা প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে, তাদের দ্রুত পাসপোর্ট প্রদান করতে হবে।"

বৈঠকে সৌদি আরবে অবস্থানরত প্রায় ৬৯ হাজার রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট ইস্যুর বিষয়টি তুলে ধরে রাষ্ট্রদূত এই প্রক্রিয়া আরও দ্রুত করার আহ্বান জানান।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, "প্রয়োজনীয় ডকুমেন্টস বা প্রমাণ সাপেক্ষে ইতোমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান করা হয়েছে। এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে বাংলাদেশ থেকে বিশেষ টিম পাঠানো হয়েছে।”

তিনি আরও সতর্ক করে বলেন, পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না।

সাক্ষাতের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং নতুন দায়িত্ব পাওয়ায় রাষ্ট্রদূতও তাকে অভিনন্দন জানান।

বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা, পর্যটন খাত এবং জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

সৌদি আরবকে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী দেশ হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "দেশটির সঙ্গে বাংলাদেশের সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে। জনশক্তি রপ্তানি ছাড়াও বাংলাদেশের জ্বালানি ও পর্যটন খাতে সৌদি আরবের বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে।"

তিনি এসব খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি করার আহ্বান জানান।

এসময় রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান।

আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আগামী জুলাইয়ের শুরুতে সৌদি সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ, উপসচিব বেগম মিনারা নাজমীনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন