প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ
অস্ট্রিয়ার বরফঢাকা পাহাড়ে রূপকথার মতো চতুর্থ বিবাহবার্ষিকী কাটিয়ে দেশে ফিরতেই নতুন আলোচনার কেন্দ্রে রণবীর-আলিয়া দম্পতি। সম্প্রতি মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের সামনে আলিয়া ভাটের রহস্যময় উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জোর গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বলিপাড়ার অন্দরে এখন একটাই প্রশ্ন— তবে কি কাপুর পরিবারে আসতে চলেছে নতুন অতিথি?
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ‘পিঙ্কভিলা’র সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আলিয়ার একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, হাসপাতালের সামনে ঢিলেঢালা সাদা পোশাকে হাজির হয়েছেন অভিনেত্রী। এলোমেলো চুল আর ঠোঁটের কোণে মিষ্টি হাসি নিয়ে দ্রুত গাড়িতে উঠে যান তিনি। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মাঝে শোরগোল পড়ে যায়। অনেকেই ধারণা করছেন, রাহা কাপুরের খেলার সঙ্গী আসার সময় হয়েছে।
বিশেষ করে দীপিকা পাড়ুকোনের দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে আসার দিনই আলিয়াকে হাসপাতালের সামনে দেখা যাওয়ায় ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। তবে নেটিজেনদের একাংশ আবার আলিয়া বা তার পরিবারের সদস্যদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এসব জল্পনা নিয়ে রণবীর কাপুর বা আলিয়া ভাটের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বর্তমানে আলিয়া ভাট বেশ কয়েকটি বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে রয়েছে সঞ্জয়লীলা বনসালীর আলোচিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’, যেখানে রণবীরের পাশাপাশি দেখা যাবে ভিকি কৌশলকেও। এছাড়া আগামী ১০ জুলাই বড় পর্দায় মুক্তির অপেক্ষায় আছে আলিয়ার নতুন ছবি ‘আলফা’। তবে কাজের ব্যস্ততার মাঝে হাসপাতালের এই সফর ব্যক্তিগত কারণে নাকি নিছক রুটিন চেকআপ, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে।
মন্তব্য করুন