নাজমুল হুদা

প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ১০:০৮ এ এম

অনলাইন সংস্করণ

শুরু হলো সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই: দুই দিনব্যাপী চলবে কার্যক্রম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের লক্ষ্যে জমা দেওয়া মনোনয়নপত্রগুলোর আনুষ্ঠানিক বাছাই প্রক্রিয়া আজ বুধবার (২২ এপ্রিল) থেকে শুরু হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) পূর্বঘোষিত তফসিল অনুযায়ী আজ ও আগামীকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুই দিনব্যাপী এই যাচাই-বাছাই কার্যক্রম চলবে।

গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ও সংরক্ষিত নারী আসন নির্বাচন-২০২৬ এর রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তির সময়সূচি অনুযায়ী, আজ দুপুর ২টা থেকে এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষে প্রতিটি মনোনয়নপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে। বাছাইকালে সংশ্লিষ্ট প্রার্থী নিজে অথবা তাদের মনোনীত প্রস্তাবক ও সমর্থকদের উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এবারের সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন বিএনপি ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট একটি আসন পেয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হয়। নির্বাচন কমিশনের সময়সূচি অনুযায়ী, বাছাই পর্ব শেষে আগামী ২৬ এপ্রিল আপিল গ্রহণ, ২৭ ও ২৮ এপ্রিল আপিল নিষ্পত্তি এবং ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে। প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল এবং চূড়ান্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

মন্তব্য করুন