প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষণা দিয়েছে, শত্রুর সম্পূর্ণ আত্মসমর্পণ ও পরাজয় না হওয়া পর্যন্ত তারা লড়াই থামাবে না। বাহিনীটি বলেছে, দেশ থেকে যুদ্ধের ছায়া পুরোপুরি অপসারিত না হওয়া পর্যন্ত এই সংঘাত চলবে।
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা ইরানের হামলার ৩৮তম ধাপ শুরু করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি–এর বুধবারের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।
বিবৃতিতে বলা হয়, কুয়েতের আদিরি হেলিকপ্টার ঘাঁটিতে একযোগে দুটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১০০ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য কুয়েতের আল জাবের ও আল মুবারাক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়।
আইআরজিসি আরও দাবি করেছে, বাহরাইনের মিনা সালমান বন্দরে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। পাশাপাশি কুয়েতের দুটি নৌঘাঁটি মোহাম্মদ আল আহমদ ও আলী আল সালেমে অবস্থিত ক্যাম্প প্যাট্রিয়ট, মার্কিন সেনাদের আবাসন এবং সামরিক সরঞ্জাম সংরক্ষণের গুদামগুলোতেও হামলা চালানো হয়েছে।
ইরান এসব হামলাকে ‘সফল’ বলে দাবি করলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়নি।
মন্তব্য করুন