তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ১১:১৩ এ এম

অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় বাসের ধাক্কায় খাদে মাইক্রোবাস, নিহত ৩

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বৌদ্ধ ভিক্ষু ও মাইক্রোবাসের চালক প্রাণ হারিয়েছেন। একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে চুনতি ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কবির টিম্বার ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠান শেষে ভিক্ষুরা খাগড়াছড়িতে ফিরছিলেন। মাইক্রোবাসটিতে অন্তত পাঁচজন বৌদ্ধ ভিক্ষু আরোহী ছিলেন।

প্রত্যক্ষদর্শী মিনহাজুর রহমান জানান, চট্টগ্রামমুখী মাইক্রোবাসটিকে কক্সবাজারগামী হানিফ পরিবহণের একটি বাস ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল ত্যাগ করে।

নিহতদের মধ্যে কেবল একজনের পরিচয় মিলেছে। তিনি হলেন ইন্দাসারা ভিক্ষু (৪৮), খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পুজগাং চৌধুরীপাড়ার বাসিন্দা মংশি মগের ছেলে। বাকি দুইজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার ফিরোজ খান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন