তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৭:০৭ পিএম

অনলাইন সংস্করণ

মব কালচার ও দাবি আদায়ে রাস্তা অবরোধ বরদাস্ত করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সোমবার জাতীয় সংসদে সতর্ক করে বলেছেন, দেশে চলমান মব কালচার এবং দাবি আদায়ের নামে রাস্তাঘাট অবরোধ করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা বরদাস্ত করা হবে না।

ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য রুমিন ফারহানা অধিবেশনে প্রশ্ন তোলেন, বর্তমান সময়ে ‘মব কালচার’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, "২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত পরিসংখ্যানে দেখা যাচ্ছে, মব কালচারের শিকার হয়ে ২৫০-৩০০ মানুষ নিহত হয়েছে। এমনকি আমি নিজেও ২১ ফেব্রুয়ারির ভুক্তভোগী। এই কালচার বন্ধে সরকার কী পদক্ষেপ নিচ্ছে?"

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমরা দায়িত্ব নেওয়ার পর স্পষ্ট উচ্চারণ করেছি— বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। দাবি আদায়ের জন্য মহাসড়ক বা সড়ক অবরোধ করার যে প্রবণতা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেখা গিয়েছে, সেটাকে আমরা আর কখনো অ্যালাউ করব না।"

তিনি আরও উল্লেখ করেন, সব সহিংসতা মব হিসেবে দেখা ঠিক নয়। কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানে হামলা বা ভাঙচুর করা সুসংগঠিত পরিকল্পিত অপরাধ, যার বিরুদ্ধে মামলা হয়, তদন্ত হয় এবং আসামিদের বিচারের আওতায় আনা হয়।

মন্ত্রী জনগণকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দাবি জানানোর আহ্বান জানিয়ে বলেন, "জনগণের দাবি থাকবেই, তবে তা জানাতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দফতরে স্মারকলিপি দেওয়া, সেমিনার করা বা জনসমাবেশ করার অধিকার সবার আছে। আমরা বাকস্বাধীনতা ও সংগঠনের অধিকার নিশ্চিত করব। কিন্তু মবের মাধ্যমে দাবি আদায়ের প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।"

মন্তব্য করুন