প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
ইরান গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে প্রতিক্রিয়ায় গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে। এতে বিশ্ব জ্বালানি বাজারে কয়েক দশকের মধ্যে অন্যতম বড় সংকট তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশাল-এ হুমকি দিয়ে বলেছেন, “অনেক অগ্রগতি হয়েছে; কিন্তু যদি কোনো কারণে দ্রুতই কোনো চুক্তিতে পৌঁছানো না যায়; যা সম্ভবত হবে এবং যদি হরমুজ প্রণালি অবিলম্বে ‘বাণিজ্যের জন্য উন্মুক্ত’ করে দেওয়া না হয়, তাহলে আমরা ইরানের সব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলকূপ এবং খার্গ দ্বীপ বোমা মেরে সম্পূর্ণরূপে উড়িয়ে দিয়ে সেখানে আমাদের এই চমৎকার ‘অবস্থান’ শেষ করব। যেগুলোতে আমরা এতদিন উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘হাত দেইনি’।
পুরানো শাসনের ৪৭ বছরের ‘সন্ত্রাসের রাজত্বে’ ইরান আমাদের যে অসংখ্য সেনা এবং অন্যান্যদের নৃশংসভাবে হত্যা করেছে, এটি হবে তার প্রতিশোধ। এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য ধন্যবাদ।”
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত শুরু হয়। এরপর থেকে ইরানও পাল্টা হামলা চালাচ্ছে, বিশেষ করে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে। এই উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে পড়ে গেছে এবং বিশ্ব জ্বালানি রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তীব্র হয়েছে।
মন্তব্য করুন