প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ১০:৫২ এ এম
অনলাইন সংস্করণ
এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমেছে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম। শক্তিশালী মার্কিন ডলার এবং আগামী মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর প্রত্যাশায় মূল্যবান ধাতুটির দামে চাপ তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৯টা ১ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৩ হাজার ৮৬৯ দশমিক ১৩ ডলার। এর আগের দিন সোমবার স্বর্ণের দাম ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।
তবে যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বর সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্য ০ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৮৭২ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে মঙ্গলবার মার্কিন ডলার ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। এতে অন্যান্য মুদ্রায় স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে। ফলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদায় চাপ তৈরি হচ্ছে, যা দাম আরও কমার আশঙ্কা বাড়াচ্ছে।
বাজার বিশ্লেষক কাইল রড্ডার মতে, আগামী বছর যুক্তরাষ্ট্রের মুদ্রানীতি এবং সুদের হার কতটা বাড়তে পারে, তা নিয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশাই বর্তমানে স্বর্ণের বাজারকে প্রভাবিত করছে।
সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা দেখছেন বিনিয়োগকারীরা। এ সম্ভাবনা ৯৫ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে, ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৪ দশমিক ৫ শতাংশ।
স্বর্ণের দাম কমলেও মঙ্গলবার অন্যান্য মূল্যবান ধাতুর বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এদিন স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৭ দশমিক ৫৭ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৪৭২ দশমিক ৬৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে ৯৭৮ দশমিক ১৯ ডলারে পৌঁছেছে।
তথ্যসূত্র: রয়টার্স।
মন্তব্য করুন