প্রকাশিত: ১৫ ঘন্টা আগে, ০৯:১২ এ এম
অনলাইন সংস্করণ
বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণে আজ মঙ্গলবার সকালে শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের লাইভ তালিকা অনুযায়ী, সকাল সাড়ে আটটায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ৩৩৬, যা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতের কলকাতার একিউআই ২৬৬ এবং তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোরের ২১৯।
ঢাকার আজকের বায়ুমান চলতি মৌসুমের সর্বোচ্চ। বিশেষজ্ঞদের আশঙ্কা, পরিস্থিতি আরও নাজুক হতে পারে।
ঢাকার বাতাসে দূষণের প্রধান উপাদান অতিক্ষুদ্র বস্তুকণা পিএম ২.৫। আজ বাতাসে এই কণার ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে ২৪৩ দশমিক ৩ মাইক্রোগ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক নির্দেশিকায় নির্ধারিত মাত্রার চেয়ে ৪৮ দশমিক ৭ গুণ বেশি।
পিএম ২.৫ কণা এতটাই সূক্ষ্ম যে শ্বাসপ্রশ্বাসের সঙ্গে ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে। দীর্ঘদিন এমন দূষিত বাতাসে শ্বাস নেওয়ার ফলে শ্বাসতন্ত্র ও হৃদ্রোগের ঝুঁকি বাড়ে।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন পর্যবেক্ষণকেন্দ্রেও বায়ুদূষণের উদ্বেগজনক চিত্র পাওয়া গেছে। গত ১৭ নভেম্বরের হালনাগাদ তথ্যে ঢাকার ১০টি পর্যবেক্ষণকেন্দ্রের কোনোটিতেই বায়ুর মান ভালো ছিল না। কয়েকটি এলাকায় দূষণের মাত্রা ছিল খুব অস্বাস্থ্যকর পর্যায়ে।
আইকিউএয়ারের তালিকায় ঢাকার ১০টি পর্যবেক্ষণকেন্দ্রের মধ্যে বাড্ডার প্রগতি সরণিতে দূষণের মাত্রা ছিল সবচেয়ে বেশি। সেখানে একিউআই ছিল ৪৯০। দ্বিতীয় অবস্থানে থাকা গুলশান লেক পার্কের একিউআই ছিল ৪৮৩।
তৃতীয় অবস্থানে থাকা বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক জিতে একিউআই ছিল ৪৭৪। এ ছাড়া বারিধারার পার্ক রোডে ৪৫৫, বিআইডিএস পর্যবেক্ষণকেন্দ্রে ৪৩১ এবং বারিধারা লেকসাইডে ৪২৪ একিউআই রেকর্ড করা হয়েছে।
অন্য এলাকাগুলোর মধ্যে বেচারাম দেওড়িতে একিউআই ছিল ৩৮৪, বে’স এজওয়াটারে ৩৭৮, ইস্টার্ন হাউজিংয়ে ২৭৮ এবং গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকায় ২০৬।
একিউআইয়ের প্রচলিত মানদণ্ড অনুযায়ী, ৩০১ থেকে ৫০০ পর্যন্ত বায়ুমানকে বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়। সেই হিসাবে তালিকার প্রথম আটটি পর্যবেক্ষণকেন্দ্রের বাতাস ছিল বিপজ্জনক পর্যায়ে। এমন বাতাসে সুস্থ মানুষেরও স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি ও শ্বাসতন্ত্রের রোগীদের ঝুঁকি বেশি।
যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার নির্গত দূষিত বায়ু, নির্মাণকাজের ধুলাবালু এবং বিভিন্ন উৎস থেকে তৈরি হওয়া সূক্ষ্ম বস্তুকণাকে বায়ুদূষণের গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচনা করা হয়। ঢাকার আশপাশের শিল্পাঞ্চলগুলোতেও দূষণের মাত্রা বেশি থাকায় রাজধানী ও পার্শ্ববর্তী এলাকার বায়ুমান পরিস্থিতি পর্যবেক্ষণ জরুরি।
আইকিউএয়ারের সূচক তাৎক্ষণিকভাবে পরিবর্তিত হয়। আবহাওয়া, বাতাসের গতিবেগ ও দূষণের উৎসের পরিবর্তনের সঙ্গে বায়ুর মান এবং শহরগুলোর অবস্থানও বদলে যেতে পারে।
বায়ুর মান বিপজ্জনক পর্যায়ে থাকায় বাইরে বের হলে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি জানালা বন্ধ রাখা এবং বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ রয়েছে।
মন্তব্য করুন