আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫ ঘন্টা আগে, ০৮:৫৬ এ এম

অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়ার ভূমিকম্পে কাঁপল অস্ট্রেলিয়াও

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার উপকূলের কাছে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে আঘাত হানা এই ভূমিকম্পের কম্পন প্রতিবেশী অস্ট্রেলিয়াতেও অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত, ক্ষয়ক্ষতি কিংবা সুনামির কোনো সতর্কতা জারির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইন্দোনেশিয়ার তুয়াল শহর থেকে প্রায় ১৪৮ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ৬৮ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র। খবর আনাদোলুর।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান পৃথক প্রতিবেদনে জানিয়েছে, ভূমিকম্পটির কম্পন অস্ট্রেলিয়া পর্যন্ত অনুভূত হয়েছে। ডারউইনের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা ৪১ মিনিটের দিকে ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপপুঞ্জে ভূমিকম্পটি আঘাত হানে। এর পর অস্ট্রেলিয়ার কয়েক শ মানুষ কম্পন অনুভব করার কথা জানান।

অস্ট্রেলিয়ার ভূবিজ্ঞানবিষয়ক সংস্থা জিওসায়েন্স অস্ট্রেলিয়া জানিয়েছে, বান্দা সাগরের ২৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে। কম্পন অনুভব করার কথা জানিয়ে দেশটির বাসিন্দারা ৩৮০টিরও বেশি প্রতিবেদন জমা দিয়েছেন।

প্রাথমিক ভূকম্পনসংক্রান্ত তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৪। এর উৎপত্তিস্থল হিসেবে ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের তুয়াল শহর থেকে প্রায় ৯০ মাইল দক্ষিণ-পশ্চিমের একটি এলাকাকে চিহ্নিত করা হয়।

ভূমিকম্পটি শক্তিশালী হলেও অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশটির মূল ভূখণ্ড বা দ্বীপগুলোতে সুনামির কোনো আশঙ্কা নেই।

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে বেশি ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতপ্রবণ এলাকাগুলোর একটি। এ অঞ্চলের ভূগর্ভে টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।

তথ্যসূত্র: আনাদোলু ও দ্য সান।

 

মন্তব্য করুন