আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ১০:৪০ এ এম

অনলাইন সংস্করণ

জুবার আকাশে ট্র্যাজেডি: যাত্রীসহ নিখোঁজ হওয়ার ২৮ মিনিটেই বিধ্বস্ত বিমান

ছবি: সংগৃহীত

দক্ষিণ সুদানের আকাশে ফের শোকের ছায়া নেমে এসেছে। দেশটির রাজধানী জুবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে আরোহী ১৪ জনের সবাই প্রাণ হারিয়েছেন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৭ এপ্রিল) সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

সিটিলিংক এভিয়েশন পরিচালিত সেসনা ২০৮ ক্যারাভান বিমানটি ইয়েই থেকে জুবা আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। দুর্ঘটনার কারণ সম্পর্কে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, "প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে খারাপ আবহাওয়া এবং কম দৃশ্যমানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।"

বিপজ্জনক পাহাড়ি এলাকায় বিমানটি আছড়ে পড়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। পরিস্থিতি সম্পর্কে দক্ষিণ সুদান রেড ক্রসের জুবা শাখার প্রধান জোসেফ লুকাক চার্লস বলেন, "দুর্ঘটনাস্থলে পৌঁছাতে উদ্ধারকারী দলকে দীর্ঘ সময় ধরে পাহাড়ি পথ পাড়ি দিতে হয়েছে এবং বিকেল পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছিল।"

হতাহতদের অবস্থা অত্যন্ত শোচনীয় উল্লেখ করে তিনি আরও জানান, "দুর্ঘটনায় নিহতদের মরদেহ এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।"

স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে যাত্রা করা বিমানটি মাত্র ২৮ মিনিটের মাথায় রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কর্তৃপক্ষ আরও জানায়, "দুর্ঘটনাস্থলে তথ্য সংগ্রহ ও জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য একটি দল পাঠানো হয়েছে।" নিহত ১৪ জনের মধ্যে ১২ জন দক্ষিণ সুদানের এবং বাকি দুইজন কেনিয়ার নাগরিক বলে নিশ্চিত করা হয়েছে। বর্তমানে দুর্ঘটনাস্থলে ফরেনসিক ও তদন্তকারী দল কাজ করছে।

মন্তব্য করুন