প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ
ইসরায়েলের বিভিন্ন এলাকায় ব্যাপক হারে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরান এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষ থেকে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১২ মার্চ) আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবানন সীমান্ত থেকে উত্তর ইসরায়েলের দিকে ব্যাপক রকেট নিক্ষেপ করা হয়। একই সময়ে ইরান থেকেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর পাওয়া গিয়েছে। হামলার পরপরই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা বিশেষভাবে ব্যবস্থা সক্রিয় করা হয়।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা থেকে কয়েক ঘণ্টা ধরে চলা হামলার সময় উত্তরাঞ্চলের বিভিন্ন শহর, গ্যালিলি অঞ্চল এবং হাইফা এলাকায় বারবার সতর্কতামূলক সাইরেন বাজতে থাকে। নাজুক পরিস্থিতির কারণে লক্ষাধিক বাসিন্দাকে আশ্রয়কেন্দ্রে যেতে হয়।
আইডিএফের তথ্য অনুযায়ী, কয়েক ঘণ্টার মধ্যে উত্তর ইসরায়েলের দিকে প্রায় ২০০টি রকেট ছোড়া হয়েছে। এর অনেকগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করলেও কিছু রকেট লক্ষ্যবস্তুতে আঘাত হানে, ফলে বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম জানিয়েছে, হামলায় অন্তত দুইজন আহত হয়েছেন। তাদের একজন ৩৫ বছর বয়সী নারী এবং অপরজন পঞ্চাশোর্ধ্ব এক পুরুষ। বিস্ফোরণের ধ্বংসাবশেষে আহত হয়ে তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তরাঞ্চলের বিয়িনাতে একটি আবাসিক ভবনে রকেট আঘাত হানে। এতে আতঙ্কে অসুস্থ হয়ে পড়া আরও কয়েকজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার সময় লেবানন সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার এলাকা পর্যন্ত সতর্কতা জারি করা হয়।
এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় করে যৌথভাবে এই হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইরান থেকে ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে।
হিজবুল্লাহ জানিয়েছে, তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত গ্লিলট সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সেখানে ইসরায়েলের সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০-এর সদরদপ্তর রয়েছে।
মন্তব্য করুন