আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ১০:৩৩ এ এম

অনলাইন সংস্করণ

ইরান-যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে পাকিস্তানের সক্রিয় মধ্যস্থতা: ট্রাম্পকে সংযত থাকার পরামর্শ

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারী হিসেবে বর্তমানে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে পাকিস্তান। ‘ওয়াশিংটন পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন। ওই বার্তায় ট্রাম্পকে প্রকাশ্যে কড়া বা উস্কানিমূলক ভাষা ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত না হয়।

এমন এক সময়ে এই পরামর্শ এল, যখন ইরানের পক্ষ থেকে আলোচনার টেবিলে ফেরার ইতিবাচক সংকেত পাওয়া যাচ্ছে বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের এক কর্মকর্তা জানান, “আমরা তেহরানের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। পরিস্থিতির দ্রুত পরিবর্তন হচ্ছে। আমরা আশা করছি আগামীকালের মধ্যে ইরানের প্রতিনিধি দল পুনরায় আলোচনায় যোগ দেবে।”

বর্তমানে দুই দেশের মধ্যে কার্যকর থাকা ১৪ দিনের যুদ্ধবিরতির সময়সীমা ঘনিয়ে আসছে। বুধবার (২২ এপ্রিল) এই মেয়াদ শেষ হওয়ার আগেই দ্বিতীয় দফার সরাসরি আলোচনা শুরু করতে ইসলামাবাদ মরিয়া হয়ে কাজ করছে। পাকিস্তান মনে করছে, এই সংকটময় মুহূর্তে ট্রাম্পের কোনো কঠোর বার্তা বা হুমকি হিতে বিপরীত হতে পারে, যা ইরানকে আলোচনা থেকে সরিয়ে দিতে পারে। ‘নিউ ইয়র্ক টাইমস’-এর বরাতে ‘মিডল ইস্ট আই’ জানিয়েছে, ট্রাম্পকে এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে সতর্ক করেছে পাকিস্তান।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগরে স্থিতিশীলতা ফেরাতে ইসলামাবাদের এই মধ্যস্থতা এই মুহূর্তে অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাকিস্তানের এই তৎপরতার ওপরই নির্ভর করছে বুধবারের পর মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হবে নাকি দীর্ঘস্থায়ী শান্তির পথে হাঁটবে দুই দেশ। বর্তমানে তেহরান ও ওয়াশিংটন—উভয় পক্ষের সঙ্গেই সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে ইসলামাবাদ।

মন্তব্য করুন