বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তাসনিয়া ফারিন

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা সরব নন অভিনেত্রী তাসনিয়া ফারিন। নিজের মতো করে ব্যক্তিগত পরিসরে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে জানিয়েছেন তিনি।

ফারিন বলেন, ‘নিজের মতো করে নিজের ভুবনে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করি।’

ব্যক্তিগত জীবন প্রসঙ্গে অভিনেত্রী জানান, ১০ বছরের সম্পর্কের পর দুই বছরের বেশি সময় ধরে বিবাহিত জীবন কাটাচ্ছেন তিনি। তবে স্বামী ও পরিবারের বিষয়গুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতে চান না। এ বিষয়ে ফারিন বলেন, ‘ব্যক্তিগত জীবন আমি সব সময় আলোর বাইরে রাখতে পছন্দ করি। আমার স্বামী ও আমার পারস্পরিক সিদ্ধান্তেই আমরা পারিবারিক জীবন প্রচারের বাইরে রাখি। সামাজিক মাধ্যমে ব্যক্তিগত জীবনের অতিরিক্ত প্রকাশ অনাকাঙ্ক্ষিত আলোচনা ও জাজমেন্ট তৈরি করে।’

নিজের দৈনন্দিন জীবনযাপন নিয়েও কথা বলেছেন এই অভিনেত্রী। শোবিজের কাজের সময়সূচি অনিয়মিত হলেও ব্যক্তিগত জীবনে শৃঙ্খলা মেনে চলেন বলে জানান তিনি। ফারিন বলেন, ‘শোবিজের রুটিন অনিয়মিত হলেও আমি কঠোর শৃঙ্খলা মেনে চলি। স্কুল-কলেজে পড়ার সময় থেকেই এ অভ্যাস গড়ে উঠেছে, আজও ধরে রেখেছি। শুটিং না থাকলে রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে ঘুমিয়ে পড়ি, উঠি খুব ভোরে। নিজের জন্য স্বাস্থ্যকর খাবার রান্না করি, ঘর গোছাই, শরীরচর্চা করি।’

নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া তাসনিয়া ফারিন ওটিটি মাধ্যমেও নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছেন। প্রায় নয় বছর আগে সিনেমায় নাম লেখালেও তখন বড়পর্দায় তাঁকে দেখা যায়নি। পরে ‘ফাতিমা’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তাঁর।

চলতি বছর ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন ফারিন। এর মধ্য দিয়ে চিত্রনায়িকা হিসেবে নিজের পরিচিতি আরও বিস্তৃত করার সুযোগ পান তিনি। তবে সিনেমাটিতে তাঁর অভিনয়ের পরিসর নিয়ে দর্শক ও সমালোচকদের একাংশের মধ্যে আলোচনা রয়েছে। অনেকের মতে, শাকিব খানের উপস্থিতির কারণে সিনেমায় ফারিনের চরিত্রটি তেমন গুরুত্ব পায়নি।

 

মন্তব্য করুন