বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:১৯ পিএম

অনলাইন সংস্করণ

প্রথম বিবাহবার্ষিকীর দিনও মনে ছিল না হিনা-রকির

দীর্ঘ ১৩-১৪ বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বলিউড অভিনেত্রী হিনা খান ও তার প্রেমিক রকি জয়সওয়াল। তবে তাদের বিয়ের সিদ্ধান্তটি ছিল আকস্মিক। তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার পর জীবনের অনিশ্চয়তা থেকেই বিয়ের বিষয়ে নতুন করে ভাবেন হিনা। শেষ পর্যন্ত মাত্র ১৫ মিনিটেরও কম সময়ে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

সম্প্রতি টেনিস তারকা সানিয়া মির্জার উপস্থাপনায় ‘সার্ভিং ইট আপ উইথ সানিয়া’ অনুষ্ঠানে অতিথি হয়ে নিজের বিয়ের অভিজ্ঞতা তুলে ধরেন হিনা। তিনি জানান, বিয়ের বিষয়ে আগে থেকে কোনো প্রস্তুতি বা পরিকল্পনা ছিল না তাদের।

হিনার ভাষ্য অনুযায়ী, রকির সঙ্গে তার সম্পর্ক প্রায় ১৩-১৪ বছরের। এত দীর্ঘ সময় একসঙ্গে কাটালেও বিয়ের বিষয়টি কখনো গুরুত্ব দিয়ে ভাবেননি তারা। তবে তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার পর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করে।

অসুস্থতার সময় রকির সামনে দুটি পথ খোলা রেখেছিলেন হিনা। রকি চাইলে অন্য কাউকে বিয়ে করে নতুনভাবে জীবন শুরু করতে পারতেন, অথবা হিনাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে পারতেন। ভবিষ্যতে কী ঘটবে, সে বিষয়ে নিশ্চিত না থাকায় রকিকে নিজের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত রকি হিনাকেই বিয়ে করার সিদ্ধান্ত নেন।

অনুষ্ঠানে বিয়ের দিনের একটি ছবি দেখে স্মৃতিচারণা করেন হিনা। এ সময় সানিয়া মির্জা জানতে চান, তাদের বিয়ের অনুষ্ঠান সত্যিই মাত্র ১৫ মিনিটে শেষ হয়েছিল কি না। জবাবে হিনা জানান, সময়টা ১৫ মিনিটেরও কম ছিল।

২০২৫ সালের ৪ জুন মুম্বাইয়ে নিজেদের বাড়ির ছাদে পারিবারিক ও ঘরোয়া পরিবেশে বিয়ে করেন হিনা খান ও রকি জয়সওয়াল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা। সে সময় হিনার তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারের চিকিৎসা চলছিল।

বিয়ের পর তাদের সম্পর্কে খুব একটা পরিবর্তন আসেনি বলেও জানান হিনা। এমনকি নিজেদের প্রথম বিবাহবার্ষিকীর কথাও দুজনের কেউ মনে রাখতে পারেননি। পরে পরিবারের সদস্য ও পরিচিতজনদের শুভেচ্ছা পাওয়ার পর দিনটির কথা মনে পড়ে তাদের।

 

মন্তব্য করুন