প্রকাশিত: ২০ ঘন্টা আগে, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে ০৫ (পাঁচ) দিনব্যাপী ‘শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স’-এর ২য় ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) জেলা বিসিক ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক মোঃ সাজিদুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিসিক জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের সম্প্রসারণ কর্মকর্তা মোহাঃ আব্দুর রহিম। তিনি তাঁর বক্তব্যে প্রশিক্ষণ কোর্সের উদ্দেশ্য, গুরুত্ব এবং নতুন উদ্যোক্তা সৃষ্টিতে বিসিকের বিভিন্ন কার্যক্রম ও সহযোগিতার বিষয় তুলে ধরেন। পাশাপাশি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ব্যবসা নির্বাচন ও সম্ভাব্যতা যাচাই, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, শিল্প নিবন্ধন, বিসিকের সহায়তা ও ঋণ সুবিধা, অনলাইন মার্কেটিং এবং শিল্প পরিচালনার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
বিসিকের এ প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, প্রশিক্ষণ কোর্সটি ০১ নভেম্বর থেকে ০৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন