প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ
বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনের ৫৩তম জন্মদিন আজ রোববার (১ নভেম্বর)। সৌন্দর্য প্রতিযোগিতা থেকে শুরু করে ভারতীয় সিনেমা ও আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘ কর্মজীবনে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। জন্মদিনে অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই অভিনেত্রী।
প্রায় তিন দশকের অভিনয়জীবনে ঐশ্বরিয়া রায় বচ্চন বলিউডের পরিচিত মুখ হয়ে উঠেছেন। অভিনয়ের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে কাজ এবং ব্যবসায়িক বিনিয়োগের মাধ্যমেও সম্পদ গড়ে তুলেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঐশ্বরিয়ার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ১৮০ কোটি টাকা বা ভারতীয় মুদ্রায় সাড়ে ৯০০ কোটি রুপি। তাঁর ২৮ বছরের দীর্ঘ কর্মজীবনে সিনেমা, আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চুক্তি এবং বিজ্ঞাপনের কাজ থেকে এই সম্পদ এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনেও ভারতীয় সিনেমার প্রতিনিধিত্ব করেছেন ঐশ্বরিয়া। আন্তর্জাতিক প্রসাধনী সংস্থা লরিয়াল প্যারিসের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তিনিই প্রথম ভারতীয় নারী, যিনি এই প্রসাধনী সংস্থার শুভেচ্ছাদূত হয়েছিলেন। এ ছাড়া একটি সুইস ঘড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।
অন্যদিকে, স্বামী অভিনেতা অভিষেক বচ্চন অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। বচ্চন পরিবারের একাধিক বিলাসবহুল সম্পত্তি রয়েছে। এর মধ্যে দুবাইয়ের স্যাংচুয়ারি ফলসে তাঁদের একটি ভিলার দাম প্রায় ১৬ কোটি রুপি। এ ছাড়া মুম্বাইয়ের বোরিভলী ও মালাডে এই তারকা দম্পতির একাধিক অ্যাপার্টমেন্ট রয়েছে।
বড়পর্দায় ঐশ্বরিয়াকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে মণি রত্নম পরিচালিত ‘পোনিয়িন সেলভান ২’ সিনেমায়। নিয়মিত সিনেমায় অভিনয় না করলেও আন্তর্জাতিক অনুষ্ঠান, রেড কার্পেট ও বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে তাঁর উপস্থিতি রয়েছে।
মন্তব্য করুন