তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৮:৫৬ পিএম

অনলাইন সংস্করণ

দুই দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। ছবি: সংগৃহীত

টানা দুই দিন বন্ধ থাকার পর আবারও বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে ড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। শুক্রবার (২৪ এপ্রিল) রাত থেকে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট পুনরায় চালু করা হয়েছে।

বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক গণমাধ্যমকে জানান, পরীক্ষামূলকভাবে ইউনিটটি সচল করা সম্ভব হয়েছে। রাত ৮টা থেকে প্রথম ইউনিট থেকে ৫৫ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।

তিনি আরও জানান, এ ইউনিট চালু রাখতে প্রতিদিন প্রায় ৭০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন হবে।

এর আগে, গত ২২ এপ্রিল রাতে কয়লার সঙ্গে পাথর মিশে আসায় কেন্দ্রটির প্রথম ইউনিট বন্ধ হয়ে যায়। এতে পার্বতীপুর উপজেলাসহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়।

সংশ্লিষ্টরা আশা করছেন, প্রথম ইউনিট পুনরায় চালু হওয়ায় উত্তরাঞ্চলের অন্তত ৮ জেলায় বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং অনেকাংশে কমে আসবে।

উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লা খনি থেকে সরবরাহ করা কয়লার ওপর নির্ভর করেই এ বিদ্যুৎ কেন্দ্র পরিচালিত হয়। তবে ২০২০ সালের নভেম্বর থেকে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট (১২৫ মেগাওয়াট) বন্ধ রয়েছে, যা সচল থাকলে ৬০ থেকে ৬৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব হতো।

প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, “প্রথম ইউনিট থেকে উৎপাদিত ৫৫-৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিড সরবরাহ করা হচ্ছে। ইউনিট চালু হওয়ায় এ অঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা অনেকটা কমবে আশা করা হচ্ছে।”

মন্তব্য করুন