বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ১০:২৫ এ এম

অনলাইন সংস্করণ

অনুমতিহীন এআই ছবির ব্যবহার: পাকিস্তানি ব্র্যান্ডের বিরুদ্ধে আলিয়া ভাটের আইনি পদক্ষেপ

ছবি: সংগৃহীত

বলিউডে নিজেদের ব্যক্তিগত ভাবমূর্তি বা ‘পারসোনালিটি রাইটস’ রক্ষায় তারকাদের আইনি লড়াইয়ের তালিকায় এবার যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে অনুমতি ছাড়াই তার ছবি বিকৃত করার অভিযোগে পাকিস্তানের একটি নামি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

অভিযোগ উঠেছে, পাকিস্তানের ওই ব্র্যান্ডটি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এবং সামাজিক মাধ্যমে আলিয়ার বেশ কিছু ছবি ব্যবহার করে বিজ্ঞাপন প্রচার করছে। ছবিগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায়, আলিয়ার মুখাবয়ব ঠিক রেখে এআই প্রযুক্তির মাধ্যমে তার গায়ের পোশাক পরিবর্তন করে প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব ব্র্যান্ডের সিল্কের পোশাক বসিয়ে দিয়েছে।

বলিউডে এটিই প্রথম নয়; এর আগে অমিতাভ বচ্চন, অনিল কাপুর, অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনও নিজেদের কণ্ঠস্বর, নাম বা ছবি বিনা অনুমতিতে ব্যবহারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন। আইন অনুযায়ী, কোনো ব্যক্তির অনুমতি ছাড়া তার বাণিজ্যিক স্বার্থে এআই ব্যবহার করা ‘রাইট টু পাবলিসিটি’র লঙ্ঘন।

আলিয়া ভাটের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আইনি পরামর্শ শুরু হয়েছে। বিদেশের কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের ডিজিটাল জালিয়াতির ঘটনায় আন্তর্জাতিক কপিরাইট ও পারসোনালিটি রাইটস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘটনাটি বর্তমানে বিনোদন জগতে এআই-এর অপব্যবহার এবং তারকাদের গোপনীয়তা রক্ষা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

মন্তব্য করুন