প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ
সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গার মধ্যে প্রয়োজনীয় শর্ত পূরণকারী ২২ হাজার ব্যক্তিকে ইতোমধ্যে বাংলাদেশি পাসপোর্ট প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন। বৈঠকে দুই দেশের নিরাপত্তা ব্যবস্থা, জ্বালানি ও পর্যটন খাতে বিনিয়োগ বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, সৌদি আরবে অবস্থানরত বিশাল সংখ্যক মিয়ানমার নাগরিকের (রোহিঙ্গা) বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করার বিষয়টি গুরুত্বের সাথে উত্থাপন করেন সৌদি রাষ্ট্রদূত। তিনি এই আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যাদের কাছে প্রয়োজনীয় নথিপত্র রয়েছে এবং যারা যথাযথ শর্ত পূরণ করেছে, তাদের মধ্য থেকে ২২ হাজার জনকে ইতোমধ্যে পাসপোর্ট দেওয়া হয়েছে। বাকিদের আবেদন দ্রুত যাচাই-বাছাই ও প্রক্রিয়া সম্পন্ন করতে বাংলাদেশ থেকে একটি বিশেষ প্রতিনিধি দল বর্তমানে কাজ করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন যে, পুরো প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা হবে। তিনি সৌদি আরব থেকে প্রাপ্ত পূর্ণাঙ্গ তালিকা পুনরায় পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ভ্রাতৃপ্রতিম ও সুদৃঢ় সম্পর্ক বিদ্যমান। জনশক্তি রপ্তানির পাশাপাশি বাংলাদেশের উদীয়মান পর্যটন ও জ্বালানি খাতে সৌদি বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সৌদি রাষ্ট্রদূত তাকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। আগামী জুলাই মাসের প্রথম দিকে স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরব সফরে যেতে পারেন বলে বৈঠকে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্লেষকরা মনে করছেন, এই উদ্যোগের ফলে সৌদি আরবে দীর্ঘকাল ধরে অবস্থানরত পরিচয়হীন জনগোষ্ঠীর সমস্যার একটি আইনি সমাধান নিশ্চিত হবে।
মন্তব্য করুন