আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০২:৫১ পিএম

অনলাইন সংস্করণ

জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: তিন মিটার উচ্চতার সুনামি সতর্কতা জারি

ছবি: তরুণ কণ্ঠ গ্রাফিক্স

জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় ইওয়াত উপকূলে ৭.৪ মাত্রার একটি অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে প্রশান্ত মহাসাগরীয় তলদেশে সৃষ্ট এই কম্পনের পর দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) ইওয়াত, আওমোরি এবং হোক্কাইডো প্রিফেকচারে জরুরি সুনামি সতর্কতা জারি করেছে। উপকূলে ৩ মিটার (প্রায় ১০ ফুট) পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাপান আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। এর ফলে উপকূলীয় এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। সম্ভাব্য সুনামির ক্ষয়ক্ষতি এড়াতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি স্থানীয় বাসিন্দাদের দ্রুত ঘরবাড়ি ছেড়ে নিরাপদ ও উঁচু স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে সমুদ্র তীরবর্তী নিচু এলাকার মানুষদের জীবন রক্ষার্থে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

ভূমিকম্পের পরপরই সম্ভাব্য ঝুঁকি এড়াতে ওনাগাওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ ওই অঞ্চলের অন্যান্য স্পর্শকাতর স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, এখন পর্যন্ত বড় ধরনের কোনো বিপর্যয় বা পারমাণবিক কেন্দ্রে অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি। তবে সুনামির আশঙ্কায় উপকূলীয় ট্রেন চলাচল ও যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

জাপান বিশ্বের অন্যতম প্রধান ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত, যা প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ বা অগ্নিবলয়ের ওপর অবস্থিত। আজকের এই শক্তিশালী কম্পন ও সুনামির পূর্বাভাস ২০১১ সালের সেই ভয়াবহ স্মৃতিকে মনে করিয়ে দিচ্ছে, যখন ৯ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে বিপর্যয়সহ প্রায় সাড়ে ১৮ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। এখন পর্যন্ত আজকের ভূমিকম্পে কোনো হতাহতের সুনির্দিষ্ট খবর পাওয়া না গেলেও প্রশাসন উদ্ধারকারী দলগুলোকে প্রস্তুত রেখেছে।

মন্তব্য করুন