রয়টার্স

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১০:৪৮ এ এম

অনলাইন সংস্করণ

ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ ছাড়া কোনো চুক্তি নয়: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ ছাড়া তেহরানের সঙ্গে কোনো চুক্তি করবে না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা শুরুর সপ্তম দিনে শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, কয়েকটি দেশ মধ্যস্থতার চেষ্টা করছে। যদিও তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি।

ট্রাম্প তার পোস্টে বলেন, ইরান আত্মসমর্পণ করলে এবং নতুন ‘গ্রহণযোগ্য’ নেতৃত্ব নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দেশটির পুনর্গঠনে সহায়তা করবে। তিনি লিখেছেন, “ইরান যখন আত্মসমর্পণ করবে এবং একজন গ্রহণযোগ্য নেতা নির্বাচিত হবে, তখন আমরা ও আমাদের মিত্ররা ইরানকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে অক্লান্ত পরিশ্রম করব। ইরানকে অর্থনৈতিকভাবে আগের যেকোনো সময়ের চেয়ে বড়, উন্নত ও শক্তিশালী করে তোলা হবে।”

সাংবাদিকদের কাছে ট্রাম্প দাবি করেন, ইরান ইতোমধ্যে যোগাযোগ করার চেষ্টা করছে। তিনি বলেন, “তারা ফোন করছে। তারা বলছে, কীভাবে একটি চুক্তিতে আসা যায়। আমি বলেছি, দেরি করে ফেলেছেন।”

এর আগেও ট্রাম্প বিভিন্ন সময় ইরানকে আত্মসমর্পণ করতে এবং দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-কে অস্ত্র ত্যাগ করার আহ্বান জানিয়েছিলেন। গত বুধবারও তিনি দাবি করেন, ইরান আলোচনার পথ খুঁজছে, তবে তার মতে এখন অনেক দেরি হয়ে গেছে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরান যুদ্ধবিরতির জন্য অনুরোধ করছে না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনারও কোনো যৌক্তিকতা দেখছে না। তিনি মার্কিন গণমাধ্যম এনবিসি  নিউস-কে বলেন, “আমরা যুদ্ধবিরতির জন্য অনুরোধ করছি না। আমরা তাদের সঙ্গে দুবার আলোচনা করেছি এবং প্রতিবারই আলোচনার মাঝপথে তারা আমাদের ওপর হামলা করেছে। তাই এখন আলোচনার কোনো যৌক্তিকতা দেখি না।”

এদিকে বিবিসি  -এর ওয়াশিংটন করেসপনডেন্ট ড্যানিয়েল বুশ মনে করেন, ইরানের প্রতি ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ আহ্বান জানিয়ে ট্রাম্প কার্যত এই যুদ্ধ দ্রুত থামানোর সম্ভাব্য পথগুলো বন্ধ করে দিয়েছেন। তার মতে, ট্রাম্পের বক্তব্য থেকে বোঝা যায়—তেহরান আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের নতুন অবস্থান স্পষ্ট হচ্ছে।

তবে এখন পর্যন্ত ইরানের বর্তমান শাসকগোষ্ঠীর পক্ষ থেকে আত্মসমর্পণের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

মন্তব্য করুন