প্রকাশিত: ১১ মে, ২০২৬, ০১:৩৮ এ এম
অনলাইন সংস্করণ
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে আগামী জুনের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী। বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মাকে ইতোমধ্যে বেলজিয়ামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দীর্ঘদিন পর নয়াদিল্লি কোনো রাজনীতিককে ঢাকার কূটনৈতিক মিশনের প্রধান হিসেবে পাঠাচ্ছে।
গত এপ্রিলের শেষ দিকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে ত্রিবেদীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে নয়াদিল্লি। ৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে রেলমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১২ সালের রেল বাজেটে যাত্রী ভাড়া বৃদ্ধির প্রস্তাবের পর দলীয় চাপে তাঁকে পদত্যাগ করতে হয়। পরে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে তিনি লোকসভা ও রাজ্যসভা—উভয় কক্ষের সদস্য ছিলেন; পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় এবং গুজরাট থেকে রাজ্যসভায় প্রতিনিধিত্ব করেছেন তিনি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তৃণমূল ছেড়ে মার্চে বিজেপিতে যোগ দেন।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান গুরুত্বপূর্ণ সময়ে ঢাকায় একজন অভিজ্ঞ রাজনীতিককে পাঠানোর সিদ্ধান্ত বিশেষ তাৎপর্য বহন করে। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্কে শীতলতা তৈরি হয়। পরবর্তীতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকা ও দিল্লি সম্পর্ক পুনরুজ্জীবিত করতে উদ্যোগ নেয়। এমন প্রেক্ষাপটে ত্রিবেদীর মতো বর্ষীয়ান রাজনীতিককে ঢাকায় উচ্চপদস্থ কূটনীতিক হিসেবে প্রেরণ সম্পর্ক উন্নয়নের নতুন অধ্যায় ইঙ্গিত করছে।
প্রসঙ্গত, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্বরত প্রণয় ভার্মা শিগগিরই ঢাকা ত্যাগ করবেন। জুনের মাঝামাঝিতে দীনেশ ত্রিবেদী আনুষ্ঠানিকভাবে তার স্থলাভিষিক্ত হবেন।
মন্তব্য করুন