বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০৫:৪০ পিএম

অনলাইন সংস্করণ

সোনমের জন্য বাগ্‌দান ভেঙে যায়, কী হয়েছিল সেদিন

গ্ল্যামার জগতের তারকাদের প্রতি ভক্তদের আকর্ষণ থাকা স্বাভাবিক, কিন্তু সেই আকর্ষণ যখন কারো ব্যক্তিগত জীবনে কাল হয়ে দাঁড়ায়, তখন তা বিস্ময়ের সৃষ্টি করে। সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী সোনম বাজওয়া তাঁর জীবনে ঘটে যাওয়া এমনই এক অদ্ভুত ও সংবেদনশীল ঘটনার কথা শেয়ার করেছেন। সোফি চৌধুরীর সঞ্চালনায় ‘ফেমাসলি ফিট উইথ সোফি’ অনুষ্ঠানে এসে তিনি জানান, কীভাবে তাঁর এক ভক্তের অতিরিক্ত আসক্তির কারণে একটি বাগদান ভেঙে গিয়েছিল।

সোনম স্মৃতিচারণা করে জানান, একদিন এক তরুণী হুট করে তাঁর সামনে এসে প্রশ্ন করেন যে তিনি সোনম বাজওয়া কি না। সোনম ইতিবাচক উত্তর দিতেই ওই তরুণী সরাসরি বলেন, “আপনার জন্যই আমার বাগদান ভেঙে গিয়েছে।” এমন কথা শুনে অভিনেত্রী পুরোপুরি হতবাক হয়ে যান এবং কোনো প্রতিক্রিয়া দেওয়ার ভাষা হারিয়ে ফেলেন।

তবে তরুণীটি তাঁর ক্ষোভ প্রকাশ করতে আসেননি। তিনি বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেন যে তাঁর সাবেক হবু স্বামী সোনম বাজওয়ার প্রতি এতটাই আসক্ত ছিলেন যে তিনি চাইতেন তাঁর হবু স্ত্রী যেন সব সময় সোনমের মতো সাজগোজ করেন। এমনকি ওই ব্যক্তি দাবি করতেন, তরুণীটি যেন প্লাস্টিক সার্জারি বা অন্য উপায়ে তাঁর মুখের আদল এবং শারীরিক গঠন হুবহু সোনম বাজওয়ার মতো করে গড়ে তোলেন।

তরুণীটি জানান, একজন মানুষের পক্ষে অন্য কারো মতো হয়ে বেঁচে থাকা অসম্ভব এবং এটি ছিল অত্যন্ত অপমানজনক। তাই নিজের আত্মসম্মান বজায় রাখতে তিনি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন এবং বাগদান ভেঙে দেন। বর্তমানে তিনি অন্য একজনের সঙ্গে সুখে আছেন, যিনি তাঁকে তাঁর নিজের মতো করেই ভালোবাসেন। এই স্বীকারোক্তি শোনার পর সোনম ওই তরুণীর সাহসিকতার প্রশংসা করেন এবং তাঁকে শুভকামনা জানান।

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা সোনম বাজওয়া বর্তমানে পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষ অভিনেত্রী। ‘পাঞ্জাব ১৯৮৪’, ‘নিক্কা জেইলদার’ এবং ‘ক্যারি অন জাট্টা ৩’-এর মতো ব্যবসাসফল ছবির মাধ্যমে তিনি ভারতজুড়ে পরিচিতি পেয়েছেন। তবে ভক্তের এমন আজব আচরণের গল্পটি প্রমাণ করে যে সেলিব্রিটি ইমেজ কখনো কখনো সাধারণ মানুষের জীবনেও বিচিত্র প্রভাব ফেলে।

মন্তব্য করুন