প্রকাশিত: ৫৬ মিনিট আগে, ১১:২৬ এ এম
অনলাইন সংস্করণ
খেলাধুলাভিত্তিক বেটিং ও ট্রেডিং প্ল্যাটফর্ম নোভিগের নতুন প্রচারণায় নগ্ন অবস্থায় দেখা যাওয়ার পর বিতর্কে জড়িয়েছেন মার্কিন অভিনেত্রী ও প্রযোজক সিডনি সুইনি। বিজ্ঞাপনটি সামাজিক মাধ্যমে প্রকাশের পর কেউ কেউ অভিযোগ করেছেন, এতে নারীদেহকে পণ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে।
নতুন বিজ্ঞাপন ঘিরে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হওয়ার পর সিডনি সুইনি সরাসরি সমালোচনার জবাব না দিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিগুলোতে তাকে নগ্ন অবস্থায় দেখা যায়; শরীরের বিভিন্ন অংশ ঢাকতে ব্যবহার করা হয়েছে বাস্কেটবল, রাগবি বল ও স্পোর্টস জার্সি।
বিজ্ঞাপনের ধারণা ছিল খেলাধুলার বিভিন্ন উপকরণকে সৃজনশীলভাবে ব্যবহার করে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করা। নোভিগ একটি স্পোর্টস প্রেডিকশন মার্কেট ও ট্রেডিং প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা খেলাধুলার বিভিন্ন ঘটনা নিয়ে ভবিষ্যদ্বাণী করতে পারেন। সিডনি সুইনি প্রতিষ্ঠানটির সঙ্গে অংশীদারত্বের পাশাপাশি এর ইকুইটি পার্টনারও হয়েছেন।
বিজ্ঞাপনটি প্রকাশের পর এর উপস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন দর্শক ও ক্রীড়াবিদ। তাদের অভিযোগ, প্রচারণাটিতে নারীর শরীরকে যৌন আবেদন তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে এবং এর মাধ্যমে নারী খেলাধুলাকে যৌনতার দৃষ্টিতে দেখার প্রবণতা আরও উৎসাহিত হতে পারে।
অস্ট্রেলীয় অবসরপ্রাপ্ত সাঁতারু অ্যারিয়ার্ন টিটমাস ইনস্টাগ্রামে বিজ্ঞাপনটির সমালোচনা করেন। চারবারের অলিম্পিক সোনাজয়ী এই ক্রীড়াবিদ জানান, বিজ্ঞাপনটি দেখে তিনি কতটা ক্ষুব্ধ, তা ভাষায় প্রকাশ করা কঠিন।
টিটমাসের ভাষ্য, এমন বিজ্ঞাপন নারী ক্রীড়াবিদদের জন্য অপমানজনক। বছরের পর বছর যারা নিজেদের দক্ষতা শাণিত করেছেন এবং খেলাধুলাকে ভালোবাসেন—এ ধরনের প্রচারণা তাদের প্রতিও অসম্মানজনক বলে মন্তব্য করেন তিনি।
খেলাধুলা যেখানে দলগত কাজ, বন্ধুত্ব, নিষ্ঠা, উৎকর্ষ ও ঐক্যের প্রতীক, সেখানে নারীর শরীরকে ব্যবহার করে অর্থ উপার্জনের প্রবণতা কেন এখনো রয়েছে—সে প্রশ্নও তোলেন টিটমাস।
বিজ্ঞাপনটির সমালোচনা করেছেন ওয়াটার পোলোতে অলিম্পিক রৌপ্যজয়ী টিলি কার্নসও। ইনস্টাগ্রামে তিনি লেখেন, সিডনি সুইনির নতুন স্পোর্টস বিজ্ঞাপনটি তিনি একেবারেই পছন্দ করেননি।
তবে সমালোচনা শুরুর আগেই নোভিগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে নিজের অংশগ্রহণের কারণ ব্যাখ্যা করেছিলেন সিডনি সুইনি। তিনি বলেন, প্রচারণার উদ্দেশ্য ছিল একটি মজার ধারণাকে সামনে আনা এবং খেলাধুলাকে এর কেন্দ্রীয় বিষয় হিসেবে রাখা।
সিডনি সুইনির ভাষ্য, প্রচারণাটি এমনভাবে পরিকল্পনা করা হয়েছিল, যাতে নানা কোলাহলের মধ্যেও খেলাধুলার বিষয়টি আলাদা করে নজরে আসে।
নোভিগের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাকব ফোর্টিনস্কিও সিডনি সুইনির সঙ্গে অংশীদারত্ব নিয়ে কথা বলেছেন। এফওএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অভিনেত্রী তার ব্যক্তিজীবন নিয়ে মানুষের নানা অনুমান ও ভবিষ্যদ্বাণীতে অস্বস্তি বোধ করতেন। খেলাধুলাকে কেন্দ্র করে কাজ করার সুযোগই নোভিগের সঙ্গে অংশীদারত্বে তাকে আকৃষ্ট করেছিল বলে জানান তিনি।
অন্যদিকে কমপ্লেক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সিডনি সুইনি বলেন, বিজ্ঞাপনটির সৃজনশীল প্রক্রিয়ায় তিনি শুরু থেকেই যুক্ত ছিলেন। প্রকল্পটির একেবারে প্রাথমিক পর্যায় থেকেই তিনি এর সঙ্গে ছিলেন বলে জানান অভিনেত্রী।
মন্তব্য করুন