প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ইশোরকোল বটতলা এলাকার লিটনের বাড়ি থেকে সাবেক ইউপি সদস্য মারুফা আক্তারের বাড়ি পর্যন্ত প্রায় ৯৭০ মিটার সড়ক পাকাকরণের কাজ শুরু হলেও খননের পর দীর্ঘদিনেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
জানা গেছে, এলজিইডি প্রকল্পের আওতায় সড়কটির নির্মাণকাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। কয়েকদিন আগে সড়কটি খনন করা হলেও বর্ষার টানা বৃষ্টিতে খননকৃত অংশে পানি জমে কাদায় পরিণত হয়েছে। ফলে সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি ও মোটরসাইকেল আরোহীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয়দের দাবি, এ সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ১০ হাজার মানুষ যাতায়াত করেন। কর্মজীবী মানুষ, কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ পথচারীদের জন্য এটি গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে তাদের দৈনন্দিন চলাচল ব্যাহত হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করছেন।
সড়কের পাশেই অবস্থিত ইশোরকোল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, 'রাস্তা খননের পর বৃষ্টির পানিতে পুরো রাস্তা কাদা এবং পানি দিয়ে ভরে গেছে। স্কুলে যেতে খুব কষ্ট হচ্ছে। অনেক সময় জুতা হাতে নিয়ে হাঁটতে হয়। নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকাও কঠিন হয়ে পড়েছে।'
স্থানীয় অভিভাবকদের অভিযোগ, বর্ষা মৌসুমে রাস্তা খননের পর দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় জনদুর্ভোগ আরও বেড়েছে। দ্রুত নির্মাণকাজ শেষ না হলে শিক্ষার্থীদের লেখাপড়া, কৃষিপণ্য পরিবহন এবং জরুরি সেবা গ্রহণে বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) হাবিবুর রহমানকে ফোন দিলে মুঠোফোনে জানান," ভারি বৃষ্টিপাতের কারণে বালু সংগ্রহ করতে পারছে না ঠিকাদারি প্রতিষ্ঠান, তবে এক সপ্তাহের মধ্যে কাজ শুরু হবে আশ্বাস দিয়েছেন তিনি।
এলাকাবাসী দ্রুত সড়কটির নির্মাণকাজ সম্পন্ন করে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মন্তব্য করুন