প্রকাশিত: ৪৬ মিনিট আগে, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
গাজীপুরে দুই বিদেশি পিস্তল ও গুলিসহ রাসেল গ্রেপ্তার
নজরুল ইসলাম, গাজীপুর:
গাজীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড তাজা গুলিসহ মো. রাসেল রানাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জানাকুর-রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকায় এ অভিযান চালানো হয়।
এসআরবি-১-এর সিপিএসসি গাজীপুর ও সিপিসি-১ উত্তরা, ঢাকার যৌথ অভিযানে জানাকুর এলাকায় রাসেল রানার বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘর থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রাসেল রানা ভাওয়ালগড় ইউনিয়নের জানাকুর গ্রামের আসাদুল্লাহর ছেলে।
এসআরবি সূত্র জানায়, রাসেল রানা দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতেন বলে অভিযোগ রয়েছে। চাঁদা না দিলে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অভিযানে নেতৃত্ব দেন এসআরবি-১, সিপিএসসি গাজীপুরের পোড়াবাড়ী কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ এবং স্কোয়াড কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) দেবজিৎ পাল। অভিযানে এসআরবি-১-এর ২৫ থেকে ৩০ জন সদস্য অংশ নেন।
এসআরবি জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, কী উদ্দেশ্যে সেগুলো রাখা হয়েছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় রাসেল রানার বিরুদ্ধে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাকে উদ্ধার হওয়া আলামতসহ থানায় হস্তান্তর করা হবে।
এসব তথ্য মিডিয়া ব্রিফিংয়ে জানান এসআরবি গাজীপুরের স্কোয়াড কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবজিৎ পাল।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, অভিযানের বিষয়টি তারা জানতে পেরেছেন। তবে এখনো আটক ব্যক্তি বা আলামত থানায় হস্তান্তর করা হয়নি। হস্তান্তর করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন