বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৬:২০ পিএম

অনলাইন সংস্করণ

দ্বিতীয় সন্তানের বাবা-মা হচ্ছেন সিদ্ধার্থ-কিয়ারা?

বলিউডের তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানিকে ঘিরে নতুন করে শুরু হয়েছে দ্বিতীয় সন্তান নিয়ে জল্পনা। তবে এ বিষয়ে এখনো দম্পতির পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি।

সম্প্রতি ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ওয়ার’ পর্বে সিদ্ধার্থ মালহোত্রাকে উদ্দেশ করে সালমান খানের একটি মন্তব্যের পরই এই গুঞ্জন ছড়িয়েছে।

নতুন সিনেমা ‘দ্য ভাভান: ফোর্স অব দ্য ফরেস্ট’-এর প্রচারে ‘বিগ বস ২০’-এর মঞ্চে হাজির হয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়া। সেখানেই সিদ্ধার্থের বিয়ে ও বাবা হওয়ার অভিজ্ঞতা নিয়ে তাঁর সঙ্গে কথা বলেন সালমান।

সিদ্ধার্থের কাছে বিয়ের পর জীবন কেমন কাটছে এবং বাবা হওয়ার অনুভূতি কেমন—তা জানতে চান সালমান। জবাবে সিদ্ধার্থ জানান, সবকিছুই খুব ভালো চলছে।

এরপর সিদ্ধার্থের বিয়ের প্রসঙ্গ তুলে মজা করেন সালমান। একসময় তিনি সিদ্ধার্থকে বারবার বিয়ের পরামর্শ দিতেন—সেই কথা মনে করিয়ে দিয়ে সালমান বলেন, তখন সিদ্ধার্থ লাজুক বরের মতো ছিলেন।

জবাবে সিদ্ধার্থ জানান, তিনি ও কিয়ারা তাঁদের সম্পর্ক অনেক দিন গোপন রেখেছিলেন এবং সঠিক সময়েই সেই বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন।

তখন মজা করে সালমান বলেন, ‘সেই গোপন কথাই এখন সন্তানের মধ্যে।’

সিদ্ধার্থের বাবা হওয়ার অভিজ্ঞতা নিয়েও কথা হয় অনুষ্ঠানে। অভিনেতা জানান, বাবা হওয়াই তাঁর কাছে সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি। মেয়ের প্রসঙ্গে তিনি বলেন, তাঁদের সন্তান খুবই আদরের। সে নতুন নতুন কথা বলছে এবং অনেক কিছু শিখছে।

এরপরই সিদ্ধার্থকে উদ্দেশ করে সালমান বলেন, ‘আশা করি খুব শিগগিরই আরও একটি সন্তান হবে।’ সালমানের এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সিদ্ধার্থ ও কিয়ারার দ্বিতীয় সন্তান নিয়ে আলোচনা শুরু হয়।

২০২৫ সালে কন্যাসন্তানের বাবা-মা হন

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি বিয়ে করেন। ২০২৫ সালের জুলাইয়ে তাঁরা কন্যাসন্তানের বাবা-মা হন। মেয়ের নাম রাখা হয়েছে সারায়াহ মালহোত্রা

বর্তমানে দ্বিতীয় সন্তান আসার বিষয়ে সিদ্ধার্থ বা কিয়ারার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে সালমানের মন্তব্যকে ঘিরে তৈরি হওয়া এই আলোচনা আপাতত গুঞ্জন হিসেবেই রয়েছে।

মন্তব্য করুন